ব্যাংকে ধরনা নয়, অ্যাকাউন্টে যাবে সঞ্চয়পত্রের মুনাফা
সঞ্চয়পত্রের মুনাফা পেতে এখন থেকে আর কেন্দ্রীয় ব্যাংকে যেতে হবে না, গ্রাহকের ব্যাংক হিসাবে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে এ টাকা।
স্বয়ংক্রিয়ভাবে তহবিল স্থানান্তরের সফটওয়্যার ‘ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার’ রোববার চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমেই গ্রাহকের মাসিক মুনাফা এবং মেয়াদ শেষে মূল টাকা তার একাউন্টে জমা হবে।
দেশের কয়েকটি ব্যাংক আগে থেকেই এই ব্যবস্থা চালু করেছে। বাংলাদেশ ব্যাংকও এখন এই ব্যবস্থায় সম্পৃক্ত হল।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান সফটওয়্যারটি উদ্বোধন করে বলেন, “সঞ্চয়পত্রের গ্রাহকদের ব্যাংকের কাউন্টারে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে মেয়াদ পূর্তির মূল টাকা ও মাসিক মুনাফা সংগ্রহ করতে হয়। এতে গ্রাহকের সময় ও অর্থের অপচয় হয়।
“গ্রাহকের সময় ও অর্থের সাশ্রয় এবং ভোগান্তি দূর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এ সফটওয়্যার চালু করছে।”
গভর্নর বলেন, “গ্রাহক সেবার মান বাড়াতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। এই পদ্ধতিতে সঞ্চয়পত্রের সব ধরনের পরিশোধ সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে।”
সময়মত অটোমেটেড পদ্ধতিতে গ্রাহকের ব্যাংক হিসাবে মুনাফার টাকা জমা হওয়ায় গ্রাহক তার সুবিধামত যে কোনো সময়ে তার হিসাব থেকে অর্থ উত্তোলন করতে পারবেন বলে জানান আতিউর রহমান।
তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক অটোমেশনের অংশ হিসাবে ইতোমধ্যে কোর ব্যাংকিং সিস্টেম, অনলাইন সিআইবি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসসহ অন্যান্য সফটওয়্যার চালু হয়েছে। সঞ্চয়পত্রের অর্থ গ্রাহকের ব্যাংক হিসাবে পাঠানোর সফটওয়্যারটি চালুর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের অটোমেশন আরও একধাপ এগোল।
“খুব শিগগিরই আমরা আরটিজিএস উদ্বোধন করতে যাচ্ছি; যা দেশের পেমেন্ট সিস্টেমের সর্বোচ্চ মানোন্নয়ন ঘটাবে বলে আমি মনে করি।”
আতিউর রহমান বলেন, সরকারের অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাপনার অংশ হিসাবে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সরকার সঞ্চয়পত্র বিক্রি করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের প্রথাগত কার্যক্রমের সঙ্গে সরাসরি জনসাধারণের সম্পৃক্ততা নেই বললেই চলে। তবে বাংলাদেশে যে কয়টি ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তার প্রথাগত কার্যক্রমের বাইরে কাজ করছে সঞ্চয়পত্র বা সরকারি ঋণপত্র কেনা-বেচা তার অন্যতম।
“আর তাই তথ্য প্রযুক্তির এ যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং সিস্টেমের ব্যাপক আধুনিকায়নের পদক্ষেপ গ্রহণ করেছে, যা আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমকে ত্বরান্বিত করেছে।”
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডেপুটি গভর্নর আবুল কাসেম, আবু হেনা মোহা. রাজী হাসান, নাজনীন সুলতানা, মতিঝিল অফিসের নির্বাহী পরিচালক মজিবুর রহমান, জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের মহাপরিচালক মাহমুদা আক্তার মীনা, গ্রাহকদের পক্ষে সামসুল আলম, ফয়সল আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
