ফের কমেছে সোনার দর
দাম বাড়ানোর ১৫ দিনের মাথায় সোনার দর ভরিতে এক হাজার ৫০ টাকা কমিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানিয়ে বলেছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের কারণেই দেশের বাজারে দাম কমানো হয়েছে।
এর আগে গত ২২ অগাস্ট প্রভি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা বাড়ানো হয়। সে অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনা ৪৩ হাজার ২৭৩ টাকায় বিক্রি হচ্ছিল।
নতুন দর অনুযায়ী বুধবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৪২ হাজার ২২৩ টাকায় বিক্রি হবে বলে জুয়েলার্স সমিতি জানিয়েছে।
একইভাবে ২১ ক্যারেট সোনার দাম হবে প্রতি ভরি ৪০ হাজার ১২৪ টাকা, যা ৪১ হাজার ১৭৩ টাকায় বিক্রি হচ্ছিল।
আর প্রতি ভরি ১৮ ক্যারেট সোনার দাম ৩৪ হাজার ৫২৫ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৩৩ হাজার ৪৭৫ টাকা।
সনাতন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২২ হাজার ৫৬৯ টাকা, যা ২৩ হাজার ৯৪ টাকা দরে বিক্রি হচ্ছিল।
২১ ক্যারেট রুপার নতুন দাম ঠিক হয়েছে প্রতি ভরি ৯৩৩ টাকা। এই রুপা কিনতে মঙ্গলবার পর্যন্ত ভরিতে ৯৯১ টাকা গুণতে হয়েছে। অর্থাৎ, রুপায় দাম কমেছে ভরিতে ৫৮ টাকা।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।
আর সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যাবে সে বিষয়ে কোনো মানদণ্ড নাই।
