অনুদানে ভর করে সিসিসির ১৬শ কোটি টাকার বাজেট
উন্নয়ন অনুদানে ভর করে ২০১৫-১৬ অর্থ বছরের জন্য এক হাজার ৬৩২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
সোমবার নগর ভবনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
গত ২৬ জুলাই আনুষ্ঠানিকভাবে মেয়র সিসিসির দায়িত্ব গ্রহণের প্রায় দেড় মাস পর এ বাজেট ঘোষণা করা হল।
২০১৪-১৫ অর্থ বছরের তুলনায় এবারের বাজেটের আকার পাঁচশ কোটি টাকা বেশি। গত অর্থ বছরে এক হাজার ১৯৫ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকার বাজেট দিয়েছিলেন তৎকালীন মেয়র এম মনজুর আলম।
সোমবার গত অর্থ বছরের যে সংশোধিত বাজেট পেশ করা হয় তা ৪৩২ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকার।
গত অর্থ বছরে উন্নয়ন অনুদান খাতে সর্বোচ্চ ৫৯০ কোটি টাকা বরাদ্দ ধরা হলেও সংশোধিত বাজেট অনুসারে উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে মাত্র ১৪৯ কোটি ৬০ লাখ টাকা।
এ বছরের বাজেটেও সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে উন্নয়ন খাতে ৭৮৫ কোটি ১০ লাখ টাকা।
প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ আয় খাতও উন্নয়ন অনুদান। এ খাতে ৯৭২ কোটি টাকা আয় ধরা হয়েছে।
জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা, সড়কবাতি, শিক্ষা, স্বাস্থ্য রাস্তা, ফুটপাতসহ অবকাঠামো নির্মাণে এ উন্নয়ন খাতের এসব অর্থ ব্যয় ধরা হয়েছে।
উন্নয়ন ব্যয়ের মধ্যে সর্বোচ্চ অর্থ বরাদ্দ পেয়েছে জলাবদ্ধতা নিরসন, এখাতে ২৭৫ কোটি টাকা রাখা হয়েছে। এছাড়া পরিচ্ছন্নতা খাতে ৩০ কোটি টাকা, সড়কবাতি স্থাপনে ১৫ কোটি টাকা।
শিক্ষা খাতে ৩০ কোটি টাকা, স্বাস্থ্য খাতে ৫ কোটি ২০ লাখ টাকা, রাস্তা-ফুটপাত ও যোগাযোগ খাতে ১৬০ কোটি টাকা ও অন্যান্য খাতে ৪৫৬ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
দেনার বোঝা মাথায় নিয়ে মেয়রের দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ নেতা নাছির সঙ্কট থেকে উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরণ নেবেন বলে জানিয়েছিলেন।
সকাল ১১টায় বাজেট ঘোষণা করার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের আড়াই ঘণ্টা পর মেয়র নগর ভবনে আসেন।
সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরার পথে ফ্লাইটের শিডিউল বিপর্যয় হওয়ায় এ দেরি হয়েছে জানিয়ে তিনি সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন।
হাল কর ও অভিকর থেকে আয় ধরা হয়েছে ১২৫ কোটি ২৬ লাখ ৯৭ হাজার টাকা।
উন্নয়ন অনুদান ৯২৭ কোটি ছাড়াও ত্রাণ সাহায্য ৪০ কোটি এবং অন্যান্য উৎস থেকে আয় দেখানো হয়েছে ৩৮ কোটি ৭০ লাখ টাকা।
চলতি অর্থ বছরের বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে সিসিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ব্যয়। বেতন-ভাতা বাবদ ব্যয় হবে ১৯৭ কোটি ৪৩ লাখ টাকা।
বাজেট ঘোষণা পরবর্তী বক্তৃতায় আ জ ম নাছির বলেন, সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের এ বাজেট বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে হবে।
নগরবাসীর করের হার না বাড়িয়ে জনসচেতনতা সৃষ্টি করে স্বচ্ছ প্রক্রিয়ায় কর আদায়ের হার উন্নীত করার কথাও বলেন তিনি।
মেয়র বলেন, “কর আদায়কারীদের অনেকে নানা ধরনের জালিয়াতির সাথে যুক্ত। এ বিষয়ে আমি অবগত আছি। কর আদায়ে কোনো ধরনের হয়রানি বা জালিয়াতি করলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”
জলাবদ্ধতা নিরসনে নগরীর প্রতিটি খালের জরিপ করে অবৈধ দখলমুক্ত করা হবে বলেও জানান তিনি।
সিসিসির অব্যবহৃত জায়গাগুলো কাজে লাগিয়ে সেখান থেকে আয় বাড়ানোর পরিকল্পনাও জানান নাছির।
সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলমের সভাপতিত্বে বাজেট অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিসি সচিব রশিদ আহমদ, অর্থ ও সংস্থাপন স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. শফিউল আলম, মেয়রের একান্ত সচিব মানজুর মোহাম্মদ ও সিসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
