২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর আইন আরও সহজ চান মুহিত

প্রচলিত কর আইন আরও সহজ করার পাশাপাশি করের স্ব-নির্ধারণী পদ্ধতির শর্ত শিথিল করা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 06:47 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রোববার সচিবালয়ে কর পরামর্শ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী কর দিতে মানুষের অনীহা, বিদ্যমান কর আইনের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।

মুহিত বলেন, “অনেকেই কর দিতে গিয়ে মনে করে আমি আটকে গেলাম। করের আওতায় এসে আটকে যাওয়ার ভয়ে অনেকেই কর দেন না।”

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের উদ্দেশে তিনি বলেন, “আয়কর আইনে আপনারা সেলফ অ্যাসেসমেন্ট (স্ব-নির্ধারণী) পদ্ধতি চালু করেছেন, এটা ভালো। তবে এর কিছু ধারা রয়েছে, যেমন এবছরের তুলনায় পরের বছর কর বেশি হতে হবে, এটা ভালো না। কারণ পরের বছর আয় কমও হতে পারে। এসব বিষয় সংশোধন করলে অনেকেই কর দিতে আগ্রহী হবে।”

তিনি বলেন, “কিছু আইন আছে যেগুলো বেশ জটিল। তাই আইন করার সময় মানবিক দিকগুলো বিবেচনা করা প্রয়োজন। কারণ আইন মানলেই বোঝা যায় কতটা কঠিন। তবে আইন মানলে সেবার মানও বাড়ে।”

কর আদায়ের ক্ষেত্রে এনবিআর কর্মকর্তাদের বন্ধুসুলভ আচরণ করার পরামর্শ দেন অর্থমন্ত্রী।

করদাতার সংখ্যা নিয়ে হতাশা প্রকাশ করে মুহিত বলেন, “এটা লজ্জার বিষয় ১৬ কোটি মানুষের মধ্যে কর দেয় মাত্র ১৭ লাখ। ১০ শতাংশ মানুষকে যদি করের আওতায় আনা যায় তাহলে এক কোটি ৬০ লাখ মানুষের কাছ থেকে কর আদায় সম্ভব। এটি ধীরে ধীরে সম্ভব। এজন্য ব্যাপক প্রচারণা চালাতে হবে।”

করদাতার সংখ্যা বাড়িয়ে ৩০ লাখে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

অন্যদের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বক্তব্য দেন।

কর পরামর্শ কেন্দ্র সম্পর্কে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, সচিবালয়ের বাইরের সরকারি কর্মকর্তারাও অনলাইনে এই সেবা নিতে পারবেন।

কেন্দ্রটি সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ২০১৫-১৬ অর্থবছরের রিটার্ন দাখিল বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবে।

৬ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কেন্দ্র থেকে পরামর্শ দেওয়া হবে। এছাড়া রিটার্ন দাখিলের প্রয়োজনীয় ফরম, পরিপত্র ও রিটার্ন দাখিল বিষয়ক নির্দেশিকাও সরবরাহ করা হবে।

সচিবালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (৬ তলা ভবন, কক্ষ নং-১৪১৫, ১৫ তলা) স্থাপন করা হয়েছে এই পরামর্শ কেন্দ্র।  

পুরনো খবর:

সচিবালয়ে কর পরামর্শ কেন্দ্র