২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘একটু পড়েটড়ে আসবেন’: সাংবাদিকদের ‘অপরিপক্ক’ প্রশ্ন শুনে অর্থমন্ত্রী

“এইভাবে অতি সরলীকরণ করবেন না একটু ম্যাচিউরিটি নিয়ে আসেন, প্রশ্ন যখন করেন”, একটি প্রশ্ন শুনে বললেন তিনি।

‘একটু পড়েটড়ে আসবেন’: সাংবাদিকদের ‘অপরিপক্ক’ প্রশ্ন শুনে অর্থমন্ত্রী
বাজেটোত্তর সংবাদ সম্মেলনে শুক্রবার এক সাংবাদিকের প্রশ্ন শুনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 08:32 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

সাংবাদিকদের ‘অপরিপক্ক প্রশ্নে’ হতাশা প্রকাশ করে বেশি করে পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক পর্যায়ে তিনি এই মন্তব্য করেন। 

বেশ কিছু প্রশ্নকেই মাহমুদ আলী ‘অতি সরল’, ‘ইমম্যাচিউরড’ আখ্যা দেন। একাধিক প্রশ্নের জবাব দেননি। একটির প্রশ্নে বলেন, সেটি ‘জবাব দেওয়ার অযোগ্য’। 

এমন প্রতিক্রিয়া দেখালেও সংবাদ সম্মেলনের শেষে বাজেট নিয়ে আগ্রহ দেখানোয় সাংবাদিকদের ধন্যবাদও দেন মন্ত্রী। বলেন, “তো যাক, দুই-একজন ভালো প্রশ্ন করেছেন। তবু আমি সবাইকে ধন্যবাদ দেব। আপনারা অনেক ইন্টারেস্ট শো করেছেন, কিন্তু ইন্টারেস্টটা ম্যাচিউরড হওয়া দরকার। লেখাপড়াটা একটু করতে হবে। এটা দয়া করে করবেন।” 

আবুল মাল আবদুল মুহিতও অর্থমন্ত্রী থাকাকালে ২০১৮ সালেও বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন ঘটনা ঘটেছিল। সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্ন শুনেই মেজাজ হারান তিনি। 

মুহিত বলেছিলেন, “আমি অত্যন্ত দুঃখিত যে, আপনারা এমন সব প্রশ্ন করছেন আমার পক্ষে এগুলো সম্বন্ধে বলতেও লজ্জাবোধ করে।” 

২০১৮ সালেও বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত হয়েছিলেন সে সময়ের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

২০১৮ সালেও বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত হয়েছিলেন সে সময়ের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মাহমুদ আলীর মতই সেদিনও মুহিত প্রশ্নোত্তর পর্ব শেষে সাংবাদিকদের কাছে এমন প্রতিক্রিয়া দেওয়ায় ‘ক্ষমা’ চেয়ে বলেন, সংবাদ “সম্মেলনে আসবার সময় সাংবাদিকদের আগে থেকেই চিন্তা করা উচিত যে, কী ধরনের প্রশ্ন এখানে উত্থাপন করা প্রয়োজন।” 

প্রশ্ন শুনে ক্ষেপলেন মুহিত

যেসব প্রশ্ন ছিল সাংবাদিকদের 

প্রশ্নোত্তর পর্বের শুরুর দিকে বেসরকারি একটি টেলিভিশনের এক সাংবাদিকের প্রশ্ন করতে গিয়ে বেশ বড় বক্তব্য রাখেন। তিনি বলেন, গত তিন বছরে দেশের মুদ্রার মানের পতন হয়েছে ৩৭ শতাংশ। সরকারের গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের হিসাবে খাদ্যে মূল্যস্ফীতি ১৫ শতাংশ। এভাবে কোটি কোটি মানুষ ‘দরিদ্র হয়েছে’, তারা ছোট হয়েছে। 

সেই সাংবাদিকের প্রশ্ন ছিল, বাজেটের আকার ছোট হওয়ায়, মানুষ ‘ছোট হওয়ায়’ প্রত্যেক মানুষের মধ্যে এর প্রভাব পড়ছে কি না। সেই ছোটকে কবে বড় করতে পারবেন অর্থমন্ত্রী।

মাহমুদ আলী এই প্রশ্নে বিরক্তি প্রকাশ করে বলেন, “আমি একটু ম্যাচিউরড প্রশ্ন আশা করেছিলাম ....টেলিভিশনের কাছ থেকে। আমি খুবই নিরাশ হয়েছি।” 

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

ওই সাংবাদিক আবার কিছু বলতে গেলে অর্থমন্ত্রী বলেন, “আরে বাবা আমি আপনার উত্তর দিচ্ছি। আমাকে আটকাচ্ছেন কেন, আপনাকে তো আমি আটকাইনি। আপনাকে তো ইচ্ছামত বলতে দিয়েছি। এখন আমারটা তো শুনতে হবে আপনাকে। 

“আপনি অতি সরলীকরণ জিনিসটা খুবই রপ্ত করে ফেলেছেন। এগুলো তো একেবারে ওভার সিম্প্লিফিকেশন (অতি সরলীকরণ)। এইভাবে ইকোনমি চলে নাকি? হ্যাঁ আমরা সব ছোট হয়ে গেলাম, আমাদের সব শেষ। কোথায়? আরও একটু পড়েটড়ে আসবেন। এইভাবে অতি সরলীকরণ করবেন না একটু ম্যাচিউরিটি নিয়ে আসেন, প্রশ্ন যখন করেন।” 

পরে আরেকটি টেলিভিশনের প্রতিবেদক প্রশ্ন করেন, “বাজেট বক্তব্যে সুশাসন প্রতিষ্ঠায় ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় কোনো বার্তা দেখিনি। আর্থিক খাতের দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে আজকে আপনি কী বলবেন? কেন বার্তা দিচ্ছেন না, আপনার ওপর কি কোনো চাপ আছে?” 

অর্থমন্ত্রী বলেন, “আমরা তো বলছি খোলাখুলি। বিফোর দ্য ওয়ার্ল্ড, বিফোর আওয়ার অডিয়েন্স, বিফোর আওয়ার পিপল। আমরা তো কোনো রাখঢাক করিনি। তো আপনি খালি ঘুরে ফিরে ওই একই কথায় যাচ্ছেন কেন? এটা তো বুঝতে পারলাম না। এটা কী ধরনের প্রশ্ন? 

“কীভাবে প্রশ্ন করে এগুলো তো শিখতে হবে আপনাদেরকে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে। কারণ এটা কোনো জার্নালিজম না। খালি এক কথায় ঘুরে ফিরে বলেন এবং অতি সরলীকরণ। এভাবে চলে নাকি? সমাজ, সংসার এভাবে চলে? কোথাও চলে না? এগুলো (বাজেট বক্তব্যের বই হাতে নিয়ে) দেখেন, দেখে একটু শেখেন। তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা হবে।” 

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

এরপর একটি ইংরেজি দৈনিকের সাংবাদিক প্রশ্ন করেন, “মাননীয় অর্থমন্ত্রী, আপনি জানেন বেসরকারি খাত আমাদের কর্মসংস্থানের সব থেকে বড় খাত। এই বাজেটে বেসরকারি খাতে যদি কেউ ইকোনমিক জোন বিনিয়োগ করে তার ক্যাপিটাল মেশিনারিজ, কাঁচামাল এবং যে মাল কেনে তার ইন্ডাস্ট্রি ডেভেলপ, তার ওপর শুল্ক আরোপ করা হয়েছে। একইভাবে যদি কেউ জোনের বাহিরে গিয়ে বিনিয়োগ করলে গ্যাস-বিদ্যুতের সংযোগ দেওয়া হবে না। তাহলে ব্যবসায়ীরা এখন যাবে কোথায়? ব্যবসায়ীরা বলছেন, তাদের ‘পানিতে পড়লে কুমিরে খাবে, আর ডাঙ্গায় পড়লে বাঘে খাবে অবস্থা’।” 

অর্থমন্ত্রী প্রশ্ন থামিয়ে দিয়ে বলেন, “ব্যবসায়ীদের যে সংগঠন, তারা কিন্তু এমন কোনো কথা বলেনি। দয়া করে এফবিসিসিআই এবং ঢাকা চেম্বারের বক্তব্য পড়ে আসবেন।” 

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

আরেকটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, “আপনি সজ্জন ব্যক্তি, তাহলে বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বাড়াতে কেন গোঁজামিল দিলেন? আর একটি বিষয় হলো আপনি বলছেন- আমাদের রিজার্ভ এই অর্থবছর শেষে প্রায় ৩২ বিলিয়ন ডলারে দাঁড়াবে, যেটা এখন প্রায় ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি। আপনি রিজার্ভ বাড়াবেন কীভাবে? আপনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নকে টাকা না ছাপিয়ে ডলার ছাপানোর দায়িত্ব দিয়েছেন কেন?” 

অর্থমন্ত্রী বলেন, “এটা একেবারেই ননসিরিয়াস প্রশ্ন। ঠিক আছে। এ প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্য নয়।” 

একটি বাংলা দৈনিকের এক প্রতিবেদক প্রশ্ন করেন, “পণ্যের দাম কমাতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু মাঠ পর্যায়ে সমন্বয়ের অভাবে কাঙ্ক্ষিতভাবে প্রতিফলন ঘটে না। আমি প্রশ্ন করব- বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো হবে কি না? 

অর্থমন্ত্রী বলেন, “আমরা সবাই মিলে কাজ করার চেষ্টা করছি এবং সাংবাদিকরাও তো আমাদের সাহায্য করছে। এটা কী ধরনের প্রশ্ন করলেন যে সমন্বয় করা হবে কি না। অবশ্যই করা হবে।” 

আরেকটি টেলিভিশনের সাংবাদিক প্রশ্ন করেন, “প্রস্তাবিত বাজেটে এমপিদের গাড়ি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা বাতিল করা হয়েছে। কিন্তু আইনে এখনো আছে। আইন কবে, কখন সংশোধন করবেন?” 

অর্থমন্ত্রী প্রথমে বলেন, “কবে, কখন করবেন এটা কেউ বলে নাকি? আপনি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ‘কবে করবেন এটা?’, এ রকম হয় না। আইনটা সংশোধন করতে হবে। হ্যাঁ বলেছি তো করার জন্য।” 

এরপর তিনি বলেন, “একটা জিনিস বলতেই হবে লাস্টের প্রশ্নটা ভালো প্রশ্ন ছিল। সিরিয়াস প্রশ্ন। কিন্তু আমি দেখলাম বেশিরভাগই হল খুবই ইমম্যাচিউরড। পড়েন নাই, এই যে বইটা (বাজেট বক্তব্যের বই হাতে ধরে) দিয়েছি আমরা, বইটা পড়েন। আমি খুবই দুঃখিত হয়েছি। আপনাদের লেভেল অব ম্যাচিউরিটি দেখে খুবই নিরাশ।”