ডলার সংকটের সময়ে ৩৫ মাসের সর্বোচ্চ রেমিটেন্স
মে মাসের ৩৩ শতাংশ প্রবৃদ্ধিতে ১১ মাসের প্রবৃদ্ধি ছাড়াল ১০ শতাংশ। বাংলাদেশ ব্যাংক ছয় মাসের মুদ্রানীতিতে দুই শতাংশ প্রবৃদ্ধির কথা বলেছিল।
ব্যাংকিং চ্যানেলে সদ্য সমাপ্ত মে শেষে রেমিটেন্স এসেছে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার, যা গত ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ।
আগের বছরের একই মাসের চেয়ে প্রবৃদ্ধি ৩৩ দশমিক ২৩ শতাংশ, যেটি কঠিন এই সময়ে রিজার্ভ ঘুরে দাঁড়াতে ভূমিকা রেখেছে।
করোনাভাইরাস মহামারী শুরুর বছর ২০২০ সালের জুলাই মাসে দেশের এক মাসের ইতিহাসের সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলার এসেছিল ব্যাংকিং চ্যানেলে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে মে মাসে দিনে গড়ে রেমিটেন্স এসেছে সাত কোটি ২৭ লাখ ডলার।
অতীতে সব সময়ই মাস শেষ হওয়ার পর প্রথম কর্মদিবসেই রেমিটেন্স তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এবার সেই চর্চার ব্যত্যয় ঘটিয়ে মাস শেষ হওয়ার পাঁচ দিন পরে বুধবার এই তথ্য প্রকাশ করল আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।
সাধারণত রোজা, ঈদ, বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসীরা অন্য সময়ের চেয়ে বেশি অর্থ দেশে পাঠিয়ে থাকেন। তবে মে মাসে রেমিটেন্সের এই উল্লম্ফনের পেছনে ‘অন্য কারণ’ রয়েছে।
এবার গত মার্চের দ্বিতীয় সপ্তাহে রোজা শুরু হলে এপ্রিলের মাঝামাঝি ঈদ পালিত হয়। এপ্রিলে রেমিটেন্সে ২১ শতাংশ প্রবৃদ্ধির পরে মে মাসে আরো বাড়ার পেছনে টাকার অবমূল্যায়ন কাজ করেছে বলে মনে করছেন ব্যাংকাররা।
গত ৮ মে একদিনে ৭ টাকা বাড়ে ডলারের দাম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর শর্ত বাস্তবায়নে বাজারভিত্তিক বিনিময় হার চালুর অংশ হিসেবে ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। সেদিন ডলারের বিপরীতে টাকার মান ১১০ টাকা থেকে নির্ধারণ হয় ১১৭ টাকা।
এপ্রিল ও মে মাসের উল্লম্ফনে বছরের হিসাবেও রেমিটেন্সের দারুণ প্রবৃদ্ধি দেখল বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের ‘প্রত্যাশাকেও’ ছাপিয়ে গেছে তা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের ১১ মাসে দেশে মোট রেমিটেন্স এসেছে ২১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।
গত অর্থ বছরের প্রথম ১১ মাসের তুলনায় এবার প্রায় দুই বিলিয়ন ডলার বেশি এসেছে দেশে। ২০২২-২৩ অর্থবছরের ১১ মাসে রেমিটেন্স এসেছিল ১৯ দশমিক ৪১ বিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের শেষ ছয় মাসে ঘোষিত মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্সে প্রবৃদ্ধির প্রাক্কলন করেছিল দুই শতাংশ। কিন্তু অর্থবছরের ১১ মাসেই তা পার করেছে ১০ শতাংশ।
আগের বছরের নেতিবাচক প্রবৃদ্ধি থেকে বেরিয়ে গত ২০২২-২৩ অর্থবছর শেষ করেছিল দুই দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধিতে। অর্থ বছরটিতে রেমিটেন্স এসেছিল ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার।
রিজার্ভে চাপ ‘কমল’
রেমিটেন্সের এই উল্লম্ফনের পর রিজার্ভ বেড়ে গ্রস হিসাবে গত মে মাস শেষে ছিল ২৪ দশমিক ২১ বিলিয়ন ডলার।
আইএমএফ এর বিপিএম৬ পদ্ধতির গ্রস হিসাবে তা ১৮ দশমিক ৭২ বিলিয়ন ডলার।
গত ১১ মে প্রকাশিত খবর অনুযায়ী মার্চ ও এপ্রিল মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বকেয়া দেনা বাবদ ১৬০ কোটি ডলার পরিশোধ করার পর বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ নেমে গিয়েছিল ১৮ দশমিক ২৩ বিলিয়ন ডলারে।
অবশ্য এপ্রিলের শেষ দিনের তুলনায় রিজার্ভ এখনও অনেকটা পিছিয়ে।
৩০ এপ্রিল দেশে গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। বিপিএম৬ পদ্ধতিতে তা ছিল ১৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।
