গ্রাহকের হিসাবে রেমিটেন্স জমা হতে হবে ১ দিনের মধ্যে: কেন্দ্রীয় ব্যাংক
রেমিটেন্স পাঠানো থেকে শুরু করে জমা হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় একটি ইউনিক নম্বর ব্যবহার করতে হবে।
প্রবাসীদের পাঠানো অর্থ এক কর্মদিবসের মধ্যে গ্রাহকের ব্যাংক হিসাবে জমা করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আর লেনদেনের সময় শেষ হওয়ার পরে রেমিটেন্স ঢুকলে তা ছাড় জমা করতে হবে পরের কর্মদিবসেই।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
আট দফার এ নির্দেশনা বাস্তবায়নে ব্যাংকগুলোকে ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, নতুন নির্দেশনার আওতায় বৈদেশিক লেনদেনের অনুমোদন পাওয়া বা এডি ব্যাংকগুলোকে ‘ইনওয়ার্ড রেমিট্যান্সের’ বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে গ্রাহককে জানাতে হবে।
“ব্যাংকিং সময়ের মধ্যে পাওয়া রেমিট্যান্স একই কর্মদিবসে এবং ব্যাংকিং সময়ের পর ঢোকা রেমিট্যান্স পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা করতে হবে।”
ব্যাংকগুলোকে ‘স্ট্রেইট-থ্রো প্রসেসিং’ (এসটিপি) পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, নথিপত্র বা যাচাই প্রক্রিয়া বাকি থাকলেও গ্রাহকের হিসাবে অর্থ জমা করা যাবে। সে ক্ষেত্রে বাকি আনুষ্ঠানিকতা পরেও সম্পন্ন করা যাবে।
“যেসব ক্ষেত্রে ‘পোস্ট-ক্রেডিট’ রিভিউ সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ব্যাংকগুলোকে গ্রাহকের হিসাবে অর্থ জমা করার আগে যাচাই সম্পন্ন করে ৩ কর্মদিবসের মধ্যে লেনদেন নিষ্পত্তি করতে হবে।”
সার্কুলারে বলা হয়েছে, রেমিটেন্স পাঠানো থেকে শুরু করে গ্রাহকের হিসাবে জমা হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া অনুসরণ করতে একটি ইউনিক ট্রানজেকশন নম্বর (ইউইটিআর) ব্যবহার করতে হবে।
