২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট নিয়ে সাংবাদিকদের মুখোমুখি অর্থমন্ত্রী

আগের দিন বৃহস্পতিবার জাতীয় সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 03:28 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

অর্থমন্ত্রী হিসাবে জাতীয় সংসদে নিজের প্রথম বাজেট উত্থাপনের পর দিন সাংবাদিকদের মুখোমুখী হয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

শুক্রবার বিকাল ৩টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু হয়। অন্যান্য কয়েকটি দপ্তরের মন্ত্রী ও সচিবরাও তার সঙ্গে আছেন।  

আগের দিন বৃহস্পতিবার জাতীয় সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন তিনি।

প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের (৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা) চেয়ে ১১.৫৬ শতাংশ বেশি। টাকার ওই অংক বাংলাদেশের মোট জিডিপির ১৪.২৪ শতাংশের সমান।

বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে গত সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের দেওয়া বাজেটের আকার ছিল ২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বাজেটের ১৫.৩৩ শতাংশ বেশি এবং জিডিপির ১৫.২১ শতাংশের সমান।

প্রস্তাবিত ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে চেপে রেখে ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করার পরিকল্পনার কথা বলেছেন অর্থমন্ত্রী।

প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য দেশীয় উৎস থেকে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকার রাজস্ব যোগান দেওয়ার পরিকল্পনার কথা বলেছেন মাহমুদ আলী। তাতে ঘাটতি থাকবে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা ঘাটতি থেকে যাবে, যা ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৮ শতাংশ বেশি।

বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলেছে, আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা ও বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়ানোর যে লক্ষ্য নতুন অর্থবছরের বাজেটে নেওয়া হয়েছে, তা পূরণে বাস্তবসম্মত কোনো দিক নির্দেশনা অর্থমন্ত্রীর পরিকল্পনায় তারা দেখছে না।

সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থমন্ত্রী বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সঙ্কোচনমূলক পদক্ষেপ আরও কিছুদিন চলবে। এর মাঝেও প্রবৃদ্ধি ৬ দশমিক ৭৫ শতাংশে উন্নীত করার চেষ্টা করব, যেটা এখন চলতি অর্থবছরে ৫ দশমিক ৮২ শতাংশ হিসাবে প্রাক্কলন করা হচ্ছে। মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে ধরে রাখার চেষ্টা করব।”

২০২৬ সালে ‘এলডিসি গ্র্যাজুয়েশন’ এবং ২০৪১ সালে উন্নত দেশ হওয়ার পরিকল্পনা বাস্তবায়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানান মাহমুদ আলী। পাশাপাশি সুনীল অর্থনীতি ও জলবায়ু নিয়ে গবেষণায় বরাদ্দ রাখার কথা বলেন। ব্যক্তিখাতকেও এ দুই উদ্যোগে এগিয়ে আসার আহ্বানা জানান।

অর্থমন্ত্রী বলেন, “আগামী দিনে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে কিছু পণ্যের শূল্ক কমিয়ে আনা হয়েছে।”