২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

কর্মীকে মারধরের জের: চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

চট্টগ্রাম বন্দর সচিব বলেন, “একটি সমস্যার কারণে কন্টেইনার বহনকারী যানবাহন চলছে না। আমরা সমাধানের চেষ্টা করছি।”

কর্মীকে মারধরের জের: চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

ফাইল ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 09:36 PM

Updated : 28 Sep 2026, 09:52 PM

পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধরের পর চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার সরবরাহ বন্ধ রেখেছে ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলার চালক শ্রমিকরা।

সোমবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর গেইটে এ ঘটনার আধা ঘণ্টা পরই কন্টেইনার সরবরাহ বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি সমম্যার কারণে কন্টেইনার বহনকারী যানবাহন চলছে না। আমরা সমাধানের চেষ্টা করছি।”

শ্রমিককে মারধরের ওই ঘটনা পরে হাতাহাতিতে গড়ায়। এতে আশিকুর রহমান নামে বন্দরের এক নিরাপত্তা কর্মী আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

শ্রমিকদের অভিযোগ, বন্দরের গেইটে প্রবেশ পাস দেওয়াকে কেন্দ্র করে ট্রেইলর শ্রমিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষের সঙ্গে বন্দর গেটে কর্মরত এক নিরাপত্তা কর্মীর প্রথমে বাগবিতণ্ডা পরে হাতাহাতির ঘটনা ঘটে।

প্রাইম মুভারস ট্রেইলার শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম খানের অভিযোগ, গেইট পাসের ফি বেশি নেওয়ার প্রতিবাদ করায় বন্দরের নিরাপত্তা কর্মীরা সংগঠনের একজনকে মারধর করে। পরে পণ্য পরিবহন বন্ধ করে দেন শ্রমিকরা।

খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন বন্দরের সচিব।

দেশের প্রধান এ সমুদ্র বন্দর দিয়ে প্রতিদিন অন্তত পাঁচ হাজার কন্টেইনার সরবরাহ করা হয়।