২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে চট্টগ্রামে সড়কে গাড়ি বাড়ছে, ঢাকা-কক্সবাজার বাস বন্ধ

নগরীর নাসিমন ভবন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পুলিশ থাকলেও নেতাকর্মীদের দেখা যায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 11:52 AM

Updated : 29 Oct 2023, 11:52 AM

হরতালের দিন সকালের ভাগে চট্টগ্রাম নগরীতে গাড়ি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল বাড়তে দেখা গেছে। দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন রুটে গাড়ি যাওয়া-আসা করলেও ঢাকা, কক্সবাজার ও বান্দরবানের পথে গাড়ি চলছে না।

তবে চট্টগ্রাম থেকে ঢাকার পথে পণ্য পরিবহনকারী গাড়ি চলতে দেখা গেছে; কোথাও কোনো প্রতিবন্ধকতার খবর পায়নি পুলিশ।

রোববার সকাল থেকে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল স্বাভাবিক থাকলেও শহরের অভ্যন্তরীণ গণপরিবহনের চলাচল শুরুর দিকে ছিল তুলনামূলক কম। তবে ৯টার পর থেকে বাস চলাচল বাড়তে শুরু করলেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল হাতেগোনা।

এদিকে নগরীর নাসিমন ভবন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থানের মধ্যে নেতাকর্মীদের দেখা যায়নি।

ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে দলীয় কর্মীদের সংঘর্ষের পর বিএনপি সকাল সন্ধ্যা হরতাল ডাকে।

এদিন শাহ আমানত সেতু এলাকায় গিয়ে দেখা যায়, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন রুটের বাস চলাচল করলেও কক্সবাজার ও বান্দরবানের কোনো গাড়ি চলাচল করছে না।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহ আমানত সেতু, বাকলিয়া, কাজীর দেউড়ি এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

গণপরিবহন চলাচলও অনেকটা স্বাভাবিক থাকার কথা বলেন তিনি।

যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় আছে বলেও জানান তিনি।

একইভাবে সিটি গেইট এলাকায়ও গণপরিবহন চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কোন বাস চলাচল করতে দেখা যায়নি। একে খান এলাকায় বাস কাউন্টারগুলোতে স্বাভাবিক সময়ে লোকজনের যে চাপ দেখা যেত এর কিছুই চোখে পড়েনি। অধিকাংশ বাস কাউন্টার বন্ধ।

একইভাবে দামপাড়া এলাকায়ও বাস কাউন্টারগুলো বন্ধ দেখা গেছে।

ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল না করলেও পণ্যবাহী যানবাহন চলাচল অনেকটা স্বভাবিক দেখা গেছে ওই মহাসড়কে।

আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর জানান, সকাল থেকেই ঢাকা থেকে পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক আছে। কোথাও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এমন তথ্য তারা পাননি।