২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নের অগ্রগতি যেন আরো বেগবান হয়: হাছান মাহমুদ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজের গ্রামের বাড়ির মসজিদে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2024, 01:49 PM

Updated : 11 Apr 2024, 01:51 PM

দেশ থেকে অপরাজনীতি যেন চিরতরে দূর হয় ঈদে সেই প্রার্থনাই করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজের গ্রামের বাড়ির মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে যে শান্তি, স্থিতি বিরাজমান এবং আজকে বাংলাদেশ যে পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপিত হয়েছে, এই উন্নয়ন অগ্রগতি যেন আরো বেগবান হয়।”

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “হিন্দু-মুসলিম-বৌদ্ধ- খ্রিষ্টান সবার সম্মিলিত রক্তস্রোতের বিনিময়ে আমাদের এই দেশ রচিত হয়েছে। আমাদের এই দেশ থেকে যেন সমস্ত সম্প্রদায়িক অপশক্তির বিনাশ ঘটে। এই দেশে যেন আমরা সব সম্প্রদায় এবং সব মত-পথের মানুষ একসাথে মিলেমিশে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করতে পারি।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ফিলিস্তিনের মুসলমানদেরকে সেখানে নির্বিচারে হত্যা করা হচ্ছে। নারী ও শিশুদেরকে হত্যা করা হচ্ছে। সেখানে যেন অবিলম্বে শান্তি স্থাপিত হয়। সেখানে ইসোয়েল যে বর্বরতা চালাচ্ছে সে বর্বরতার যেন চির অবসান হয়। এটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তার নেতৃত্বে দেশ যেন আরো এগিয়ে যায় সেই প্রার্থনা করেন পররাষ্ট্রমন্ত্রী।