১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আগের মতই’ রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 08:05 PM

Updated : 10 Sep 2026, 12:04 PM

জরুরি কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন। 

বুধবার সকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু জরুরি পরীক্ষার জন্য সন্ধ্যায় ম্যাডামকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

খালেদা জিয়া এখন কেমন আছেন জানতে চাইলে চিকিৎসক জাহিদ হোসেন বলেন, " ম্যাডামের অবস্থা আগের মতই। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।  চিকিৎসকরা কিছু পরীক্ষা দিয়েছেন সেটা করাতে নিয়মিত চেকআপের অংশ হিসেবে উনাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।”

সর্বশেষ গত ৩১ মার্চ খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। ওই দফায় তিনদিন হাসপাতাল থাকার পর গুলাশানের বাসায় ফেরেন তিনি।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিজের বাসায় থেকে চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে না যাওয়ার শর্তে ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়।

৭৯ বয়সী এই রাজনীতিবিদ লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ও ফুসফুস জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত কয়েক বছর ধরে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। 

গত বছরের অক্টোবরে মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করে জানায়, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভারের চিকিৎসা দেশে সম্ভব নয়। দ্রুত বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে নিয়ে তার লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে।

এরপর সাবেক এই প্রধানমন্ত্রীকে আবারো বিদেশ নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয় তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে। তবে আইনে সে সুযোগ না থাকায় এ অনুমোদন দেয়নি সরকার।

এ চেষ্টার মধ্যে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসার পাশাপাশি বিদেশ থেকেও চিকিৎসক এনেও তার চিকিৎসা করানো হয়।

পুরনো খবর

তিন দিন পর বাসায় খালেদা জিয়া

সিসিইউতে খালেদা জিয়ার অবস্থা 'স্থিতিশীল'

গভীর রাতে হাসপাতালে নেওয়া হল খালেদা জিয়াকে

খালেদা জিয়া গুরুতর অসুস্থ: ফখরুল

খালেদার চিকিৎসা বাসাতেই