২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু টানেলে টোল ফ্রি সুবিধা পেল যেসব গাড়ি

টানেলে দুর্ঘটনায় উদ্ধারে গেলেও পুলিশকে টোল দিতে হয়েছে এতদিন; এখন সেটি আর লাগবে না।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2024, 12:40 PM

Updated : 19 Apr 2024, 12:40 PM

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ‘অপারেশনাল’ কার্যক্রমের সঙ্গে যুক্ত পুলিশ ও নৌবাহিনীর জরুরি যানবাহনগুলোকে এখন থেকে টোল দিতে হবে না।

এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের পর টানেল পরিচালনা কর্তৃপক্ষের বুধবারের সভায় বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করার কথা জানিয়েছেন টানেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আজাদ বলেন, “টানেলের অভ্যন্তরে অপারেশনাল কাজের প্রয়োজনে পুলিশ, নৌবাহিনীসহ যেসব সংস্থার গাড়ি টানেলে প্রবেশ করবে, সেগুলোকে টোল পরিশোধ করতে হবে না। এ বিষয়ে মন্ত্রণালয়ে একটি সিদ্ধান্ত হয়েছে।

“টানেলের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক নিয়মিত সভায় পুলিশ, নৌবাহিনীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।”

গত বছরের ২৮ অক্টোবর টানেল উদ্বোধনের পরদিন থেকে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। টানেলের সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে নৌবাহিনী। কিন্তু টানেলের অভ্যন্তরে দুর্ঘটনাসহ নানা বিষয়ে আইনগত কাজ করে পুলিশ।

টানেলের অভ্যন্তরে বিভিন্ন সময়ে দুর্ঘটনার জন্য পুলিশকে ডাকা হয়। পতেঙ্গা ও কর্ণফুলী থানার ওসির গাড়ি ছাড়া পুলিশের যেসব গাড়ি টানেলে প্রবেশ করে সেগুলোকে দুই দফায় (প্রবেশ ও বাহির) টোল পরিশোধ করতে হত এতদিন। তবে এখন থেকে টানেলের ভেতরে দুর্ঘটনাসহ জরুরি প্রয়োজনে যেসব গাড়ি প্রবেশ করবে সেগুলোকে আর টোল পরিশোধ করতে হবে না।

গত ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু টানেলে জরুরি প্রয়োজনের ২৩টি গাড়ির টোল মওকুফের সুবিধা চেয়ে সড়ক ও সেতু বিভাগে চিঠি দিয়েছিল চট্টগ্রাম নগর পুলিশ কর্তৃপক্ষ।

টোলমুক্ত সুবিধা চাওয়া এসব গাড়ির মধ্যে ছিল, পুলিশের ট্রাফিক ও ক্রাইম বিভাগের বন্দর জোনের দায়িত্বরত কর্মকর্তা, টহল গাড়ি, অ্যাম্বুলেন্স, রেকার ও ফোর্স আনা-নেওয়ার কাজে ব্যবহৃত গাড়ি।

আরো পড়ুন-

পুরানো খবর:

বঙ্গবন্ধু টানেলে ২৩ গাড়ির টোল মওকুফ চায় পুলিশ