২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অপশক্তিকে নিয়ে ফাউল শুরু ফখরুলের: চট্টগ্রামে কাদের

“দল করবেন, দলের শৃঙ্খলা মানতে হবে। শৃঙ্খলা না মানলে জিততে পারবেন না, চট্টগ্রামের জনসভায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন তিনি।

ঢাকায় অপশক্তিকে নিয়ে ফাউল শুরু ফখরুলের: চট্টগ্রামে কাদের

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 02:42 PM

Updated : 28 Oct 2023, 02:42 PM

ঢাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘অপশক্তিকে’ নিয়ে ফাউল করা শুরু করেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, এ খেলা আর বন্ধ হবে না। ফাউল করলে লাল কার্ড দেওয়া হবে।

শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারার কর্ণফুলী ইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ বক্তব্য দেন।

কর্ণফুল নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সমাবেশে বক্তব্য দেবেন।

উদ্বোধনের পর টানেল পেরিয়ে প্রধানমন্ত্রী আনোয়ারা প্রান্তে পৌঁছেছেন। আর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসভার মাঠ ভরে উঠেছে কানায় কানায়। প্রায় সাড়ে পাঁচ বছর বাদে দক্ষিণ চট্টগ্রামের কোনো জনসভায় অংশ নিতে যাচ্ছেন সরকারপ্রধান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের বলেন, “খেলা হবে, কবে খেলা? আজকে চট্টগ্রামেও খেলা। ঢাকায়ও খেলা। সব রেডি। ঢাকায় ফখরুল অপশক্তিকে নিয়ে ফাউল করা শুরু করেছে। লাঠি সোটা নিয়ে রড নিয়ে এরা মাঠে নেমেছে। চালের বস্তা, আটার বস্তা, ডালের বস্তা নিয়ে আজকে ওরা ৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থাকবে এই ঘোষণা দিয়েছে। এরা ফাউল করছে। এদের লাল কার্ড দেখাতে হবে। এদের সাথে কোনো আপোষ নয়।

“এরা দুর্নীতিবাজ। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। এরা অর্থ পাচারকারী। অর্থ পাচারের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। সামনে কোয়াটার ফাইনাল। জানুয়ারিতে ফাইনাল।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “একজন আরেকজনকে ঠেকাচ্ছে। এই ঠেকানোটা বন্ধ করেন। কার এসিআর কি নেত্রীর কাছে জমা আছে। প্রত্যেকের রিপোর্ট নেত্রীর কাছে জমা আছে। নিজেরা নিজেদের বিরুদ্ধে বাজে সমালোচনা করছেন, এদের খোঁজখবর আমরা নিচ্ছি। পার্টি ব্যবস্থা নেবে। দল করবেন, দলের শৃঙ্খলা মানতে হবে। শৃঙ্খলা না মানলে জিততে পারবেন না।

“এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐকব্যদ্ধ। বিজয়কে আরও সংহত করতে হবে। নেপোলিয়ন বলেছিলেন, বিজয় করেছি সুসংহত করতে পারিনি। আমাদের বিজয় সুসংহত করতে হবে।“

তিনি বলেন, বঙ্গবন্ধু বিজয় দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করে যে শক্তি আমাদের বিজয়ের মুকুট ছিনতাই করে নিয়ে গেছে, অবোধ নারী শিশুকে হত্যা করেছে। ইনডেমনিটি জারি করে জিয়াউর রহমান এই হত্যার বিচার বন্ধ করে দিয়েছে। হত্যাকারীদের অব্যাহতি দিয়েছে। জিয়াউর রহমান ১৫ আগস্টের আসল খুনি। জেল হত্যার আসল খুনি জিয়াউর রহমান, খন্দকার মোশতাক।

“২১ অগাস্ট আজকের এই প্রধানমন্ত্রী বেঁচে থাকার কথা ছিল না। ট্রাকের ঢালায় লেগে যদি গ্রেনেডটা বিস্ফোরিত হত তাহলে বঙ্গবন্ধুকন্যাকে আমরা আর পেতাম না। আমাদের সৌভাগ্য মহান আল্লাহপাক দুজনকে বাঁচান। মনে রাখবেন, আল্লাহ বাংলাদেশকে দুইটা সম্পদ উপহার দিয়েছেন। একটা হচ্ছে বঙ্গবন্ধু। তাকে আল্লাহ সৃষ্টি করেছেন স্বাধীনতার জন্য। আরেকটা সম্পদ এদেশের মানুষের মুক্তির জন্য। আরেকটা উত্তরাধিকার সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী কাদের বলেন, “দক্ষিণ এশিয়ায় হয়নি। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কায় হয়নি। টানেল হয়েছে বাংলাদেশের চট্টগ্রামে। তিনি কী দিয়ে যাচ্ছেন আপনাদের। এই টানেল যতদিন এই কর্ণফুলীর তীরে থাকবে সারা বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে। ততদিন শেখ হাসিনার স্মৃতি এই চট্টগ্রামের মানুষ মনে রাখবে।“

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, "ঢাকায় গণ্ডোগল করলে আমরা জনগণকে সাথে নিয়ে আপনাদের প্রতিহত করব।

"আপনাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে, সেটাকে দুর্বলতা ভাববেন না। সারাদেশ থেকে অগ্নিসন্ত্রাসীদের ঢাকায় জড়ো করেছেন। আওয়ামী লীগ রাজপথের দল। এটি শুধু রাজনৈতিক দল নয়, অগ্নিস্ফুলিঙ্গ। দুই কোটি মানুষের ঢাকা জনগণকে সাথে নিয়ে আপনাদের প্রতিহত করব।“

তিনি বলেন, "অনেক ধৈর্য্য ধরেছি। দেশের গণতন্ত্র নসাৎ করার ষড়যন্ত্র করছেন। এ ষড়যন্ত্র আমরা জনগণকে সাথে নসাৎ করব।"

গত ১৫ বছরে দেশ অনেক বদলে গেছে উল্লেখ করে চট্টগ্রামের এ সংসদ সদস্য বলেন, বলেন, বাংলাদেশের এ অবস্থা দেখে কেউ কেউ প্রশংসা করে, তখন পাকিস্তান তখন দীর্ঘশ্বাস ফেলে, হা হুতাশ করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রশংসা করে তখন তাদের দোষর মীর্জা ফখরুলরা বাংলাদেশের সমালোচনা করে।

বিএনপির উদ্দেশ্যে যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, “আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আস্থাশীল। যদি মনে করেন জনগণ আপনাদের সাথে আছে তাহলে নির্বাচনে অংশ নেন।“

তিনি দাবি, বিএনপি জানে জনগণ তাদের সঙ্গে নেই। তাই তারা লাখ লাখ টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করে বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সকাল ৯টা থেকে শুরু হওয়া সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ এবং কক্সবজার ও তিন পার্বত্য জেলার নেতা, সংসদ সদস্যরা বক্তব্য রাখেন।

পুরনো খবর:

আরেক স্বপ্ন পূরণ: দুয়ার খুলল বঙ্গবন্ধু টানেল
আনোয়ারায় প্রধানমন্ত্রীর জনসভাস্থলে মানুষের ঢল
আনোয়ারায় ১০ লাখ মানুষের সমাগম চায় আওয়ামী লীগ