২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ারায় প্রধানমন্ত্রীর জনসভাস্থলে মানুষের ঢল

আনোয়ারার কোরিয়ান ইপিজেড মাঠে জনসভায় বক্তব্য দেবেন সরকারপ্রধান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2023, 10:29 AM

Updated : 28 Oct 2023, 01:47 PM

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে আনোয়ারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার মাঠ ভরে উঠেছে কানায় কানায়।

শনিবার সকালে পতেঙ্গায় বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে টানেল হয়ে যাবেন আনোয়ারা প্রান্তে। বেলা সাড়ে ১১টার দিকে কোরিয়ান ইপিজেডের মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন সরকার প্রধান।

এর মধ্য দিয়ে সাড়ে পাঁচ বছর বাদে দক্ষিণ চট্টগ্রামের কোনো জনসভায় অংশ নিতে যাচ্ছেন সরকার প্রধান।

তার আগমন উপলক্ষে সকাল ৯টা থেকে ইপিজেডের মাঠে দলে দলে আসতে শুরু করেছে মানুষ, বক্তব্য রাখছেন উপজেলা পর্যায়ের নেতারা।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলাসহ মহানগর থেকে দলীয় কর্মীরা রঙবেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে, রঙিন টিশার্ট পরে সমাবেশে যোগ দিয়েছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় জনসভায় বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বক্তব্য রাখছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আমাদের সব প্রস্তুতি শেষ। মাঠ প্রস্তুত। মাঠের আশেপাশের সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এবার ১০ লাখ মানুষের জনসমাগম ঘটানো।

টানেল ছাড়াও উদ্বোধন হবে যা যা

এদিন কর্ণফুলী নদীর তলদেশে টানেলসহ চট্টগ্রামে ১০টি প্রকল্পের উদ্বোধন এবং দুটি প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের ছয়টি উদ্যোগের উদ্বোধন করবেন তিনি।

যেসব প্রকল্প উদ্বোধন করা হবে, তার মধ্যে রয়েছে ২৮১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স’।

এ প্রকল্পের আওতায় প্রায় শতবর্ষী মুসলিম হল ভেঙে নতুন আট তলা ভবন এবং প্রায় ষাট বছর বয়সী পাবলিক লাইব্রেরি ভবনের জায়গায় নতুন বিভাগীয় গ্রন্থাগার ভবন করা হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারটি আগের আদলে রেখে নতুনভাবে নির্মাণ করা হয়েছে।

উদ্বোধন করা হবে ৮১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত চট্টগ্রাম জেলা পরিষদ ভবনও।

একই সঙ্গে উদ্বোধন করা হবে রাঙ্গুনিয়া জেলা পরিষদ ডাক বাংলো, আনোয়ারা জেলা পরিষদ ডাক বাংলো, পটিয়ায় শেখ কামাল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল এবং রাউজানে শেখ কামাল কমপ্লেক্স ভবন।

পতেঙ্গা এয়ারপোর্ট রোডের মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল এবং বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু টানেল পর্যন্ত ‘জননেত্রী শেখ হাসিনা সড়ক’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি পটিয়ার শিকলবাহা খালের উপর ৩৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করা হবে।

ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প ‘মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর চট্টগ্রাম’ এবং নগরীর দক্ষিণ হালিশহরে ‘সীম্যান্স হোস্টেল কমপ্লেক্স ভবন নির্মাণ’ শীর্ষক দুই প্রকল্পের।

জেলা প্রশাসনের যে ছয়টি উদ্যোগ উদ্বোধন করা হবে, তার মধ্যে আছে- ডিসি পার্ক, পর্যটক বাস-রিভার ক্রুজ-ফুল ডে ট্যুর প্যাকেজ সম্বলিত পর্যটন সেবা, স্মার্ট স্কুল বাস সার্ভিস, ১৯টি ইউনিয়নের খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র, চট্টগ্রাম বার্ডস পার্ক এবং হাজার বছরের নৌকা জাদুঘর।

পুরনো খবর:

আনোয়ারায় ১০ লাখ মানুষের সমাগম চায় আওয়ামী লীগ