২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসে আগুন-ভাঙচুর, ছাড়েনি দূরপাল্লার বাস

যানবাহন ভাঙচুরের ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে, উদ্ধার করা হয়েছে সাতটি ককটেল।

চট্টগ্রামে বাসে আগুন-ভাঙচুর, ছাড়েনি দূরপাল্লার বাস

চট্টগ্রামে মঙ্গলবার সকালের দিকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2023, 02:59 PM

Updated : 31 Oct 2023, 02:59 PM

বিএনপি-জামায়াতের তিনদিনের অবরোধের প্রথম দিন ভোরে বাসে আগুন, ভাঙচুর ও যাত্রী সংকটের পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস।

বন্দরনগরীর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করলেও তা অন্যান্য দিনের চেয়ে কম। রিকশা-অটোরিকশার পাশাপাশি পণ্যবাহী ট্রাক ও কভার্ড ভ্যানের পাশাপাশি চলছে ব্যক্তিগত বাহনও।

হাইওয়ে পুলিশ বার আউলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার সিংহ বলেন, মহসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে বিশৃঙ্খলার খবর নেই। হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবিও টহল দিচ্ছে।

বন্দরনগরীর জিইসি, নিউ মার্কেট, কাজীর দেউড়ি, বহদ্দারহাটসহ বিভিন্ন স্থানে ঘুরে গেছে, যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়িও চলছে। শাহ আমানত সেতু, দামপাড়া, একে খান, অলঙ্কার এলাকা থেকে দূর পাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি।

বিভিন্ন বাস কাউন্টারগুলোর দরজা অর্ধেক খোলা রাখলেও নেই যাত্রী। নাম প্রকাশ না করে কয়েকটি বাস কাউন্টারের কর্মীরা বলেন, রাতে ঢাকাসহ বিভিন্ন জেলার বাস চলাচল করেছে। তবে ভোর থেকে বাস চলাচল বন্ধ রেখেছে। যাত্রী স্বল্পতার পাশাপাশি তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান।

মঙ্গলবার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া ট্যানারি বটতল এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। আর সকালে ইপিজেড থানার সি-মেনস হোস্টেল এলাকায় পোশাক শ্রমিক বহনের একটি বাসে আগুন দেওয়া হয় বলে পুলিশ জানায়।

অপরদিকে সকাল ১০টার দিকে আকবর শাহ পাক্কা রাস্তার মাথা এলাকায় ঝটিকা মিছিল করে গাড়িতে হামলা চালায় কিছু যুবক। কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে বেশ কয়েকজনকে আটক করে।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) মো. মাঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাঠিসোঁটা নিয়ে বিএনপি কর্মীরা যানবাহন ভাঙচুর করে। পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করে।”

আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর জানান, আটক ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করে সিটি গেইট পাকা রাস্তা এলাকায় ঝোপের ভেতর লুকিয়ে রাখা সাতটি ককটেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন-

পুরনো খবর:

অবরোধের শুরুতেই চট্টগ্রামে ২ বাসে আগুন