০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বিপ্লব ও সংহতি দিবসের গানের মাঝে হঠাৎ বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি’

যুবদলের এক নেতার দোকান থেকে গান বাজানোর এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

বিপ্লব ও সংহতি দিবসের গানের মাঝে হঠাৎ বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি’

চট্টগ্রাম নগরীর চৌমুহনী মোড়। এখানেই একটি দোকান থেকে মাইকে জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে গান বাজানোর সময় হঠাৎ করে বেজে উঠে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি’ গানটি। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 09:00 PM

Updated : 07 Nov 2026, 09:00 PM

চট্টগ্রাম নগরীর চৌমুহনী এলাকায় এক যুবদল নেতার দোকান থেকে মাইকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাইকে বাজানো হচ্ছিল গান ও রাজনৈতিক বক্তব্য। এরমধ্যে হঠাৎ বেজে উঠে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি।

শনিবার সকাল ৭টার পর এই ঘটনা ঘটে। পরে ‘বুঝতে পেরে’ তাড়াতাড়ি গানটি বন্ধ করা হয়।

এই ঘটনার ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, নগরীর আগ্রাবাদ চৌমুহনী মোড়ে একটি মাইকে গান বাজছে। তাতে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বেজে চলেছে।

এসময় মোড়ের উভয় পাশে কয়েকটি রিকশা দাঁড়িয়েছিল। মূল সড়ক দিয়ে হাতেগোনা কয়েকটি যানবাহন চলতে দেখা যায়। পথচারীর সংখ্যাও ছিল কম।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির কর্মসূচি ছিল বিপ্লব উদ্যানে। আজকে এটাই আমাদের কর্মসূচি। আগ্রাবাদে আমাদের কোন দলীয় কর্মসূচি ছিল না।

“সেখানে মাইকে গান বাজছিল। হঠাৎ অসাবধানতাবশত হয়ত ওই গানটি চলে আসছে। বিষয়টি পুলিশ জানে। ওনারা খোঁজ নিচ্ছেন।”

ডবলমুরিং থানার ওসি আরিফ ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৭টা থেকে ৮টার মধ্যে এই ঘটনা ঘটে। ফেসবুকে ভিডিও দেখার পর আমরা সেখানে খোঁজ নিতে গিয়েছিলাম। সেখানে এক যুবদল নেতার মুরগির দোকান থেকে ৭ নভেম্বর উপলক্ষে গান বাজানো হচ্ছিল।

“মহানগর যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক আবু সৈয়দ কালুর দোকান সেটি। মাইকে ৭ নভেম্বরের গান ও রাজনৈতিক বক্তব্য ইউটিউব থেকে বাজানো হচ্ছিল। দেশের গান ও রাজনৈতিক গান বাজছিল। হঠাৎ করে ইউটিউব থেকে ওই গানটি বেজে উঠে। সেটাও তো রাজনৈতিক গান। ১০-১৫ সেকেন্ড মনে হয় গানটি বেজেছে। সেটা ইচ্ছাকৃত নয়।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই গানের ভিডিওতে নানা জন ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করেছেন। দুয়েকজন বলেছেন, তারাও গানটি চৌমুহনী মোড়ের মাইকে বাজতে শুনেছেন।