২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হালদায় অবৈধভাবে বালু উত্তোলন, দুই ড্রেজার আটক

চট্টগ্রামের হালদা নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় দুটি ড্রেজার আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2018, 09:38 PM

Updated : 11 Oct 2022, 12:39 PM

পুরনো খবর:

ঠাকুরগাঁওয়ে নদীর বালু উত্তোলনে দণ্ডিত সাবেক কাউন্সিলর
একের পর এক ডলফিন মরছে হালদায়
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৭
বালু তোলার মহোৎসব, শতকোটি টাকার বাঁধে ধসের শঙ্কা  
বালুমহাল দখলকারীদের ঠেকাতে ডিসিদের আহ্বান
নদীর বালু উত্তোলন, ট্রাক পোড়ালেন ম্যাজিস্ট্রেট

সোমবার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত দিনব্যাপী অভিযানে দুটি ড্রেজার ছাড়াও ৩০০ মিটার মশারি জাল জব্দ করা হয়।

রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ৮টার দিকে ফোনে এক ব্যক্তি জানান হালদা নদীতে দুটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।

“খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। একটি নৌকা নিয়ে ড্রেজারকে ধাওয়া করি। আমাদের দেখতে পেয়ে ড্রেজার নিয়ে তারা খালে ঢুকে পড়ে।”

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর উত্তর মেখল সংলগ্ন অংশের ওই খাল থেকে ড্রেজার দুটিকে আটক করা হয়।

একই অভিযানে নদীর ছিপাতলি এলাকা থেকে মশারি জাল জব্দ করা হয়।

রুহুল আমিন বলেন, “ডালপালা ও খাবার দিয়ে মশারি জাল পাতা হয়। জোয়ারের সময় তা পানির নিচে ডুবে থাকে। ভাটার সময় মা মাছ এসব জালে আটকা পড়ে।”

দুটি ড্রেজার জব্দ করার পর সন্ধ্যা সাতটা পর্যন্ত কেউ সেগুলোর মালিকানা দাবি করেনি বলে জানান তিনি।

“ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ঘটনায় এর মালিকদের শনাক্ত করে নিয়মিত মামলা করা হবে।”

হালদা নদীতে বালু উত্তোলন আইনত অবৈধ জানিয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “বাংলাদেশের প্রচলিত আইনে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া আগে হালদা নদীতে বালুমহাল ইজারা দেওয়া হলেও এবার আর তা দেওয়া হয়নি।”

চলতি বছরের শুরুতে ২৫ দিনে হালদায় ১৬টি ডলফিন মারা যায় বলে অভিযোগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যলায়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর এবং প্রাণিবিদ্য বিভাগের অধ্যাপক মো. মনজুরুল কিবরিয়া।

তখন বালু উত্তোলনকারী ড্রেজারের প্রপেলারের আঘাতেই এসব ডলফিনের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছিল।

এ ঘটনায় পর হালদায় বালুমহাল বরাদ্দ দেওয়া থেকে বিরত থাকে চট্টগ্রাম জেলা প্রশাসন। নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন কিছুদিন বন্ধ থাকলেও পরে আবার গোপনে বালু তোলা শুরু হয়।

ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে হালদা নদীর গঠনগত পরিবর্তনের অন্যতম কারণ এবং মা মাছের জন্য ক্ষতিকর বলেও মনে করেন সংশ্লিষ্টরা।

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান এই প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র দেশে কার্প জাতীয় মাছের রেনুর প্রধান উৎস। দখল, দূষণ এবং চোরা শিকারির উৎপাতে বিপন্ন হালদার মা মাছও। হালদার সঙ্গে সংযুক্ত আছে ১৭টি খাল।