Published : 06 Jun 2018, 07:19 PM
গণ্ডামারায় কয়লাবিদ্যুৎ কেন্দ্রবিরোধী আন্দোলনের নেতা লিয়াকতের বিরুদ্ধে মামলাটি করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা আবদুল্লাহ কবির লিটন।
বুধবার বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাঈনুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়।
সোমবার আলাওল ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় বিএনপির ইফতার মাহফিলে দেওয়া বক্তব্য ধরে লিয়াকতের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
বাদীর আইনজীবী তোফায়েল বিন হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুষ্ঠানে লিয়াকত আলী সরকার উৎখাতের হুমকি দেন। ‘জ্বালাও পোড়াও’ স্লোগান দেন এবং প্রধানমন্ত্রীকে ‘খুনি’ আখ্যায়িত করে বক্তব্য দেন।
“একারণে রাষ্ট্রদ্রোহ এবং প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মামলা করা হয়েছে। আদালত অভিযোগটি গ্রহণ করে বাঁশখালী থানার ওসিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমতি গ্রহণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।”
২০১৬ সালের ৪ এপ্রিল গণ্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে বসতভিটা রক্ষা কমিটির ব্যানারে আন্দোলনে পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষের চারজন নিহত হন।
আন্দোলনকারী বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক ছিলেন লিয়াকত আলী।
ওই বছরের ১৬ মে লিয়াকতের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পর তার অস্ত্র আইনে মামলাও হয়।
বিএনপি নেতা লিয়াকত আলী পরে গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।