Published : 28 Jun 2026, 12:55 PM
সাময়িকভাবে বন্ধ ঘোষণার চার দিন বাদে খুলেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের কারখানা।
গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত কারখানাটি শনিবার চালু হয়েছে বলে জানিয়েছে কোম্পানি সচিব দেলোয়ার হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্দোলকারীদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে পেরেছে পরিচালনা পর্ষদ। তারাও (আন্দোলনকারীরা) বুঝেছে, যাই হোক কারখানা তো খোলা না থাকলে চলবে কীভাবে। কারখানা খুলেছে, সবাই কাজে যোগ দিয়েছে।”
কোন কোন বিষয়ে সমঝোতা হয়েছে, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “একটা সমঝোতা হয়েছে। সব বিষয় নিষ্পত্তি হয়নি। আলোচনা করে সমাধান করবেন পরিচালনা পর্ষদ।”
এ কোম্পানিতে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে পাঁচ হাজার কর্মী রয়েছেন। কারখানা খোলার তথ্য কোম্পানির বরাতে রোববার বিনিয়োগকারীদের জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এতে বলা হয়, শ্রমিক অসন্তোষের কারণে কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের তথ্য গত ২৩ জুন জানানো হয়েছিল। অংশীজনদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে এবং কাজের অনুকূল পরিবেশ ফিরেছে।
আন্দোলনকারীদের দাবি তুলেছিলেন, চাকরির বয়স ১০ বছর হলে ১৫ মাসের মূল মজুরি দিতে হবে ‘সার্ভিস বেনিফিট’ হিসেবে। অন্যদিকে চাকরির বয়স ৫ বছর পূর্ণ হলে ৭ মাসের ‘সার্ভিস বেনিফিট’ দিতে হবে।
দাবির বিষয়ে শ্রম অধিদপ্তর, শ্রমিক প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষ গত ১৫ জুন সভা করলেও তখন কোনো সুরাহা হয়নি। এরপর ২২ জুন শ্রমিকদের একাংশ আন্দোলনে নামেন।
সবশেষ ২০২৫ সালে কোম্পানিটি ৩ কোটি টাকার নিট মুনাফা করে। সেই বছরের জন্য বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে। কোম্পানিটির শেয়ার রোববার হাত বদল হয়েছে ৩৫২ থেকে ৩৬৭ টাকায়।