১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের অতিগোপনীয় জাতীয় নিরাপত্তা যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট

যুক্তরাষ্ট্রে একের পর এক কারিগরি সমস্যার জেরে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই এই ঘটনাটি ঘটল।

যুক্তরাষ্ট্রের অতিগোপনীয় জাতীয় নিরাপত্তা যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট

যুক্তরাষ্ট্রের পতাকার সামনে দেশটির ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)-এর লোগো দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 10:48 AM

Updated : 18 Nov 2026, 10:48 AM

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) তাদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য যে অতিগোপনীয় নেটওয়ার্ক ব্যবহার করে সেটি বিভ্রাটের কবলে পড়েছিল।

মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, পূর্বনির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের সময় নেটওয়ার্কটিতে ‘সাময়িক ত্রুটি’ দেখা দিয়েছিল।

সংস্থাটি বলেছে, “এতে কিছু অভ্যন্তরীণ সিস্টেম প্রভাবিত হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো পুরোপুর সচল আছে আর জাতীয় নিরাপত্তা রক্ষায় আমাদের সক্ষমতা অব্যাহত আছে।”

সংবাদ মাধ্যম সিএনএন প্রথম একাধিক সূত্রের বরাত দিয়ে এই বিভ্রাটের খবর প্রকাশ করেছিল। তারা জানায়, এর ফলে এনএসএ-র কর্মীরা যার মাধ্যমে অতিগোপনীয় তথ্য আদান-প্রদান করে থাকেন সেই এনএসএনেট অচল হয়ে পড়ে।

এনএসএ কর্মীদের ব্যবহার করা একটি ভয়েসমেইল ইনবক্স ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এনএসএ মঙ্গলবার রাতে অধিকাংশ কর্মীর জন্য তাদের ক্যাম্পাস বন্ধ করে দিয়ে পুনরুদ্ধার কাজ চালায় আর শুধু জরুরি কর্মীদের দিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

সিএনএনকে সূত্রগুলো জানিয়েছে, তাৎক্ষণিকভাবে সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে এই বিভ্রাটের ব্যাপ্তি বা স্থায়িত্বকাল সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।

একের পর এক কারিগরি সমস্যার জেরে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই এই ঘটনাটি ঘটল। গত সপ্তাহে বিশ্বজুড়ে মাইক্রোসফট আউটলুক ব্যবহারকারীরা তাদের ইমেইল অ্যাকাউন্ট এবং মাইক্রোসফট অফিসের অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েন। ওই বিপর্যয়ের পরের দিন যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ দেশজুড়ে সব ফ্লাইট চলাচল বন্ধ রাখে।

এরপর মঙ্গলবার জিমেইল ও অ্যাপলের আইফোনের বিভিন্ন অ্যাপে সেবা বিঘ্নিত হওয়ার খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান।

মঙ্গলবার ফিলিপিন্সের ম্যানিলা সফরে থাকা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এনএসএ-র নেটওয়ার্ক বিভ্রাটের আগের সমস্যাগুলোকে তেমন গুরুত্ব না দিয়ে সাংবাদিকদের বলেছেন, “এমন সমস্যা হতেই পারে। সব ঠিক আছে।”

পুরনো খবর:

মাইক্রোসফটের বিপর্যয়ের পর এবার জিমেইল ও অ্যাপলের অ্যাপ সেবায় বিঘ্ন
যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকের সেবায় বিঘ্ন, ভোগান্তিতে হাজারো গ্রাহক
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ জটের তৃতীয় দিনে আরও ১১৫০০ ফ্লাইট বিঘ্নিত