বিগবস বাংলা: জিতু, মনামীরা কে কত পাচ্ছেন
যে প্রতিযোগী যত বেশি সপ্তাহ বিগবসের ঘরে টিকে থাকতে পারবেন, তিনি তত বেশি পারিশ্রমিক পাবেন।
ভারতের পশ্চিমবঙ্গের বেসরকারি টেলিভিশন স্টেশন স্টার জলসায় প্রচারিত রিয়েলিটি শো ‘বিগবস বাংলা ৩’ গড়াচ্ছে চূড়ান্ত পর্বের দিকে।
প্রাথমিকভাবে ১০ জন টিভি তারকা এবং ইনফ্লুয়েন্সার নিয়ে শুরু হয়েছিল ওই যাত্রা। প্রায় তিন মাস হতে চলা এই শোয়ে সঞ্চালক সৌরভ গাঙ্গুলির ‘দাদার দরবারে’ বাদ পড়েছেন অনেকে। আবার শোয়ের নিয়ম অনুযায়ী ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ পদ্ধতিতেও বিগ বসের ঘরে খেলতে ঢুকেছেন কয়েকজন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময় অনলাইন’ এই শোয়ে অংশ নেওয়া তারকা প্রতিযোগীদের পারিশ্রমিক প্রকাশ করেছে। খেলার নিয়ম অনুযায়ী যে প্রতিযোগী যত বেশি সপ্তাহ বিগবসের ঘরে টিকে থাকতে পারবেন, তিনি তত বেশি পারিশ্রমিক পাবেন। চুক্তিভেদে এই পারিশ্রমিকের অংকও ভিন্ন ভিন্ন।
শুরুর দিকেই বাদ পড়া জয়িতা চট্টোপাধ্যায় এবং ইনফ্লুয়েন্সার ঝিলম গুপ্তের পারিশ্রমিক ৭০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার রুপি ধরা হয়।
এছাড়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী, ভারতে বসবাসরত বিদেশি অভিনেত্রী আরেকজান্দ্রা টেলর, রাজবীর দে এবং অনুষ্কা মিত্র পেয়েছেন ৮০ হাজার থেকে দেড় লাখ রুপি।
জিতু কমল, নন্দিনী দত্ত, নিরঞ্জন মণ্ডলের পারিশ্রমিক ১ থেকে ২ লাখ রুপি। তার চেয়েও পাল্লা ভারি তনুশ্রী রায় দাস, সোহিনী পাল, সোনামণি সাহার। তাদের সম্ভাব্য পারিশ্রমিক সপ্তাহে ১ থেকে পৌনে ২ লাখ রুপি।
দীপেন্দু বিশ্বাস, দুর্নিবার সাহা ও সৃজলা গুহের পারিশ্রমিক দেড় থেকে দুই লাখ রুপি। বয়সের সঙ্গে সঙ্গে পারিশ্রমিকের ক্ষেত্রেও উপরের দিকে রয়েছেন ভরত কল। তিনি ২ থেকে সাড়ে ৩ লাখ রুপি নিয়েছেন।
তবে তালিকায় সবচেয়ে উপরে আছেন মনামী ঘোষ। তিনি ৩ থেকে ৫ লাখ পারিশ্রমিক পাচ্ছেন বলে এই সময় জানিয়েছে।
এদিকে বিগ বসের এর বাড়িতে নতুন নতুন খেলা চলছে। কখনও ক্যাপ্টেন্সি টাস্ক আবার কখনও দর্শকদের দেওয়া মজার খেলা। সময়ের সঙ্গে খেলার ধরণও কঠিন হচ্ছে।
তবে বিগ বসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল চূড়ান্ত পর্বের আগে খেলা আরও শক্ত হবে। চলতি সপ্তাহে বিগ বসের বাড়িতে চলেছে নমিনেশন থেকে বাঁচার লড়াই।
দর্শকদের ভোটই নির্ধারণ করবে ফাইনালের মঞ্চে দাঁড়াবেন কোন কোন প্রতিযোগী। ডিসেম্বরের ৬ তারিখ এই শোয়ের গ্র্যান্ড ফিনালে দেখানো হবে জিওহটস্টার এবং স্টার জলসায়।
