১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চক্ষু চিকিৎসক রবিউল হোসেন মারা গেছেন

নিজ বাড়ি মীরসরাই উপজেলার কাঠাছড়ায় রোববার বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2026, 06:25 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রখ্যাত চক্ষু চিকিৎসক রবিউল হোসেন মারা গেছেন। 

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর।

চট্টগ্রাম চক্ষু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শহীদ ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডা. রবিউল হোসেন বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। এশার নামাজের পর নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা হবে। এরপর রোববার সকাল ৯টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে জানাজা হবে তার।

“তার নিজ বাড়ি মীরসরাই উপজেলার কাঠাছড়ায় রোববার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।”

অধ্যাপক রবিউল হোসেন মীরসরাইয়ের সমাজ সেবক ডা. আহমেদুর রহমান ও ওয়াহিদুন্নেসার একমাত্র পুত্র। দেশের প্রত্যন্ত অঞ্চলে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছাতে চক্ষু রোগ নিবারণ ও নিরাময়ের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি গঠন করেন তিনি।

এই সমিতির মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ চক্ষু শিবিরের মাধ্যমে ১০ লাখের বেশি রোগীর অপারেশন, ১৯৭৫ সালে স্কুলগামী শিক্ষার্থীদের দৃষ্টি শক্তির সমস্যা নিরূপণ এবং এখন পর্যন্ত প্রায় ৮ লাখ স্কুল ছাত্র-ছাত্রীর চোখ পরীক্ষা করা হয়।

১৯৮৩ সালে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ১৩০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন ডা. রবিউল। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি’ প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা রাখেন তিনি।

কল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি।