Published : 28 Jun 2026, 12:50 PM
প্রয়াত নাট্যকার, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়া হায়দারের স্মৃতিকে উৎসর্গ করে চট্টগ্রামে শুরু হচ্ছে নাট্যমেলা
সোমবার থেকে জুলাই মাসের ১ তারিখ পর্যন্ত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী ‘আগামীর মঞ্চ: জিয়া হায়দার নাট্যমেলা ২০২৬’ এর আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বিভিন্ন আয়োজন।
আয়োজকরা জানিয়েছেন, তরুণ নাট্যকর্মীদের সৃজনশীলতা বিকাশ, গবেষণাভিত্তিক নাট্যচর্চা সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি করাই এই মেলার মূল লক্ষ্য।
নাট্যপ্রদর্শনীর পাশাপাশি মেলায় থাকবে পুতুলনাট্য, তথ্যচিত্র এবং নাটকের পোস্টার, সেট ও কস্টিউম প্রদর্শনী। এবারের মেলায় প্রদর্শিত হতে যাওয়া সবকটি নাটকের নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

সোমবার বিকেল ৫টায় নাট্যমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমিন এবং অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. শফিকুল ইসলাম।
উদ্বোধনের পর সন্ধ্যা ৬টায় দেখা যাবে জিয়া হায়দার রচিত এবং ঋজু লক্ষ্মী অবরোধের নব-নাট্যরূপে নির্মিত ‘উম্মাদ সাক্ষাৎকার’।
নাটকটির নির্দেশনায় রয়েছেন বিলকিস জাহান ইয়াসমিন, সাদিয়া আফরিন, ইন্দ্রজিৎ শীল, শাহরিয়ার শাকিল ও রিয়াদূস সালেহিন।

একই দিন রাত ৮টায় প্রদর্শিত হবে সাঈদ আহমদ রচিত নাটক ‘তৃষ্ণায়’। এটি নির্দেশনা দিয়েছেন মেহেদী নূর, উজ্জ্বয়নী রায়, গোলাম মাহমুদ, মাহমুদুল হাসান ও মেহেদী হাসান শ্যামল।
মেলার দ্বিতীয় দিন ৩০ জুন সন্ধ্যা ৬টায় পরিবেশিত হবে জিয়া হায়দার রচিত ‘শুভ্র সুন্দর কল্যাণী আনন্দ’। নাটকটির নির্দেশনায় রয়েছেন রাশিফ বিন ফাহিম, লক্ষ্মী চাকমা, মাসুমা আক্তার মীম, আফিয়া তাহমিন জেরিন, ফাইরুজ সাদেক ও মেহেদী হাসান সাদী।
রাত ৮টায় দেখা যাবে ইয়ারোস্লাভা পুলিনোভিচ রচিত এবং সনজিত কুমার দে’র নব-নাট্যরূপে নির্মিত ‘আকাশ কেন ডাকে’। নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইমা সাদিয়া, সাইকা শরীফ, রাফিদ বসুনিয়া, এস এম শফিক, তাসরিব আহমেদ ও রিফাহ্ তাসনিয়া অহনা।

মেলার শেষ দিন ১ জুলাই সন্ধ্যা ৬টায় দর্শক উপভোগ করবেন আন্তন চেখভের কালজয়ী নাটক ‘দ্য বিয়ার’। নাটকটির নির্দেশনায় রয়েছেন সাদিয়া শাহনেওয়াজ, খন্দকার মমতাহান, মাহমুদুল হাসান, আব্দুল হামিদ মির্জা ও আন্তাজ আলী।
রাত ৮টায় প্রদর্শিত হবে নিকোলা এরডম্যান রচিত ‘দ্য সুইসাইড’। নাটকটির নির্দেশনা দিয়েছেন সালোয়া তাবাসসুম, আফিয়া ইবনাত ওয়াফা, মান্তাশা শাহরিন মিম, নয়ন মিয়া ও ইসমাইল হোসেন। এই নাটকের মধ্য দিয়েই পর্দা নামবে তিন দিনব্যাপী আয়োজনের।