Published : 27 Jun 2026, 03:09 PM
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার আতুরার ডিপো এলাকা থেকে একটি শটগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, অস্ত্রটি তারা স্থানীয়ভাবে চাঁদাবাজি ও ছিনতাইয়ের কাজে ব্যবহার করতেন।
শনিবার দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার রাতে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুইজন হলেন- ২২ বছর বয়সি মো. তৌহিদুল ইসলাম সামির ও ২০ বছর বয়সি মো. আলমগীর হোসেন সজীব।

তাদের মধ্যে সামির নগরীর বায়েজিদ বোস্তামি থানার পূর্ব শহীদ নগর এলাকার ও সজীব আতুরার ডিপো এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির উপ-কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, “গতকাল রাতে চেকপোস্ট ডিউটি চলাকালে দুইজন ব্যক্তিকে সন্দেহ হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে তাদের বহনকৃত ট্র্যাভেল ব্যাগ থেকে একটি শটগান উদ্ধার করা হয়।
“পরে একজনের পকেট থেকে দুটি ও অন্যজনের পকেট থেকে তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, “এই অস্ত্র তারা এলাকায় ছিনতাই, রাহাজানি ও চাঁদাবাজি এসব কাজে ব্যবহার করত।”

পরে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার কথা তুলে ধরে পুলিশ কর্মকর্তা বলেন, “এই অস্ত্র কোথা থেকে সংগ্রহ করেছে এবং এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা এবং তাদের চাঁদাবাজির কোনো অতীত ইতিহাস আছে কিনা তা খুঁজে বের করব।”
এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা স্বপন বলেন, “স্থানীয়ভাবে তারা চাঁদাবাজি ছিনতাইয়ের সাথে জড়িত। আপাতত তাদের বিশেষ কোন পরিচয় আমরা পাইনি। মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করব।”
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় অস্ত্র আইনে মামলা করার তথ্য দিয়েছে পুলিশ।