চট্টগ্রামে আরো ৮ শিশুর হাম শনাক্ত
গত মাসের শেষ দিক থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর চট্টগ্রামে এখন পর্যন্ত ৩৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম জেলায় নতুন করে আরো আটজন শিশুর হাম শনাক্ত হয়েছে; এক দিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন।
শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুসারে, নতুন যে আটজনের শরীরে হাম শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ছয় জন নগরীর বাসিন্দা এবং অন্য দুজন উপজেলার।
গত মাসের শেষ দিক থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর চট্টগ্রামে এখন পর্যন্ত ৩৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৪ জনই নগরীর; বাকি ১০ জন জেলার বিভিন্ন উপজেলার।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার হামের উপসর্গ নিয়ে ১৫ জন নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছে ৮৩ জন। গত ২৪ ঘণ্টায় আরো ২১জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
চট্টগ্রামে নমুনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় শুক্রবার পর্যন্ত জেলা থেকে ৩০৫ জনের নমুনা ঢাকায় পাবলিক হেলথ ইনস্টিটিউটের (আইপিএইচ) ন্যাশনাল পোলিও অ্যান্ড মিসেলস-রুবেলা ল্যাবরেটরি-এনপিএমএলে পাঠানো হয়েছে। এর মধ্যে শুক্রবার পাঠানো হয়েছে চারজনের নমুনা।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন কক্সবাজার জেলার এবং অন্যজন নোয়াখালী জেলার।
সিভিল সার্জন জানান, ২০ এপ্রিল থেকে দেশব্যাপী হাম-রুবেলার ক্যাম্পেইন শুরু হবে। চট্টগ্রাম জেলাতেও একই দিন থেকে টিকা দেয়া শুরু হবে।
৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে।
কোনো শিশু আগে হামের টিকা পাক বা না পাক, ওই বয়সী শিশুরা এ ক্যাম্পেইনে আরেক ডোজ পাবে।
পুরনো খবর-
