চট্টগ্রামে হাম শনাক্ত ৪ জনের, উপসর্গ নিয়ে ভর্তি ২১
চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ শিশু।
চট্টগ্রাম জেলায় আরও চার শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ জন।
বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন করে হাম শনাক্ত চার শিশুর সবাই নগরীর বাসিন্দা।
গত মাসের শেষ দিক থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর চট্টগ্রামে এখন পর্যন্ত ২৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ জনই নগরীর বাসিন্দা। বাকিরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (বুধবার) নতুন করে হামের উপসর্গ নিয়ে ২১ জন নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ৯৬। গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।”
চট্টগ্রামে নমুনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় বুধবার পর্যন্ত জেলা থেকে ২৮২ জনের নমুনা পাবলিক হেলথ ইনস্টিটিউটের (আইপিএইচ) ন্যাশনাল পোলিও অ্যান্ড মিসেলস-রুবেলা ল্যাবরেটরিতে (এনপিএমএল) পাঠানো হয়। এর মধ্যে বুধবারই ২০ জনের নমুনা হাম শনাক্তের জন্য পাঠানো হয়।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন কক্সবাজার জেলার এবং অন্যজন নোয়াখালী জেলার বাসিন্দা।
আরও পড়ুন-
