০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরো ২৮ শিশু

দেশের ১৮ জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হলেও সে তালিকায় চট্টগ্রাম নেই।

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরো ২৮ শিশু
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2026, 06:11 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

চট্টগ্রাম জেলায় হামের উপসর্গ নিয়ে আরো ২৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুসারে, নতুন ২৮ জনসহ হাসপাতালগুলো হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগী সংখ্যা ৮৯ জনে দাঁড়িয়েছে। 

তবে রোববার থেকে দেশের ১৮ জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হলেও চট্টগ্রাম জেলা সে তালিকায় নেই। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, “স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মহোদয় জানিয়েছেন, দেশের ১৮ জেলার ৩০টি নির্ধারিত উপজেলায়, যেখানে সংক্রমণ হার বেশি, সেসব উপজেলায় প্রথম পর্যায়ের টিকাদান কার্যক্রম শুরু হবে। চট্টগ্রাম জেলার কোনো এলাকা এর আওতায় নেই।

“তাই চট্টগ্রামের সব উপজেলায় চলমান ‘কেস সার্চিং’ ও ‘ড্রপ আউট’ শিশুর টিকাদান ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল সাপ্লিমেন্ট চালু থাকবে। ‘ড্রপ আউট’ তালিকার বাচ্চাদের এমার (হাম-রুবেলা) টিকা ও হামের লক্ষণ থাকা রোগীদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যাক্রম প্রযোজ্য হবে।”

শনিবার ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৬ জনই চিকিৎসা নিচ্ছে চট্টগ্রাম নগরীর হাসপাতালগুলোতে। 

এখন পর্যন্ত জেলায় যে ১২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে, এদের ৮ জনই নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার।

শনিবার আরো ৩১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ১৮৬ জনের নমুনা হাম শনাক্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

চট্টগ্রামে হাম শনাক্তের কোনো ব্যবস্থা না থাকায় শিশুদের নমুনা ঢাকায় পাবলিক হেলথ ইনস্টিটিউটের (আইপিএইচ) ন্যাশনাল পোলিও অ্যান্ড মিসেলস-রুবেলা ল্যাবরেটরিতে পাঠানো হয়।  

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন কক্সবাজার জেলার; আরেকজন নোয়াখালীর।

এছাড়া ২৯ মার্চ থেকে শনিবার পর্যন্ত ২৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও খবর-

চট্টগ্রামে আরো ৪ জনের হাম শনাক্ত, উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৬

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে মৃত্যু বেড়ে ৩

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরেক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরো ১৮ শিশু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে ২৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরেক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হাম শনাক্ত ৭ জনের, রুবেলা আক্রান্ত একজন

চট্টগ্রামে ২ শিশুর হাম শনাক্ত 

হামের লক্ষণ নিয়ে এক সপ্তাহে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ১২ শিশু