১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরেক শিশুর মৃত্যু

“নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলেও এখনো তার প্রতিবেদন পাইনি।”

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরেক শিশুর মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 03:25 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরেক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার রাতে হাসপাতালের ‘পেডিয়াট্রিক ইনসেনটিভ কেয়ার ইউনিট-পিআইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী শিশুটির মৃত্যু হয়। 

শিশুটি কক্সবাজার জেলার কুতুবদিয়ার বাসিন্দা। 

এ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুইদিনে দুই শিশু মারা গেল। 

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটিকে গতকাল সন্ধ্যায় বেসরকারি পার্ক ভিউ হাসপাতাল থেকে আমাদের এখানে আনা হয়। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। রাতে শিশুটি মারা যায়। 

“হামের উপসর্গ নিয়ে শিশুটি ভর্তি হয়েছিল। নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলেও এখনো তার প্রতিবেদন পাইনি।”

এর আগে মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় মাস বয়সী আরেক শিশু মারা যায়। সেই শিশুটিও কক্সবাজার জেলার বাসিন্দা ছিল। 

এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭৬ জন। তার মধ্যে ৪০ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

জেলায় আট শিশুর নমুনায় হাম শনাক্ত হয়েছে। হাম শনাক্ত হওয়াদের মধ্যে ছয়জন নগরীর এবং দুইজন উপজেলার বাসিন্দা।

এছাড়া হাম শনাক্তের জন্য বুধবার চট্টগ্রাম জেলা থেকে ২০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। 

এর আগে সোমবার পর্যন্ত ৯১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল।

সব মিলিয়ে এখন পর্যন্ত ১১১ জনের নমুনা শনাক্তের জন্য ঢাকার পাবলিক হেলথ ইনস্টিটিউটের (আইপিএইচ) ন্যাশনাল পোলিও অ্যান্ড মিসেলস-রুবেলা ল্যাবরেটরি-এনপিএমএলে পাঠানো হয়েছে।

জ্বর, সর্দি, কাশি, র‌্যাশ ও চোখ ওঠার মতো কোনো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে এবং যদি জ্বর না কমে বা অন্যান্য জটিলতা দেখা দেয় তাহলে অবশ্যই হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং বেসরকারি মা ও শিশু হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা শিশুরা চিকিৎসা নিচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে পৃথক একটি কর্নার চালু করা হয়েছে। 

আগের খবর:

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরো ১৮ শিশু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে একদিনে ২৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে শিশুর মৃত্যু

চট্টগ্রামে হাম শনাক্ত ৭ জনেররুবেলা আক্রান্ত একজন

চট্টগ্রামে ২ শিশুর হাম শনাক্ত

হামের লক্ষণ নিয়ে এক সপ্তাহে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ১২ শিশু