চট্টগ্রামে আরো ৪ জনের হাম শনাক্ত, উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৬
এদিন নগরীতে আরও ১৬ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
চট্টগ্রাম জেলায় আরো চারজনের হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে নগরীর হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১৬ জন।
হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রোববার থেকে সারাদেশের মতো চট্টগ্রামেও শিশুদের হামের টিকা দেওয়া শুরু হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
শুক্রবার বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুসারে, এদিন নগরীতে আরও ১৬ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
তাতে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়াল ৮৭। এছাড়া ৯ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
শুক্রবার পর্যন্ত জেলায় শনাক্ত হামের রোগীর সংখ্যা ১২। এদের মধ্যে ৮ জনের শরীরে আগেই হাম শনাক্ত হয়েছিল। এদিন নতুন করে ৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুইজন নগরীর ও দুইজন উপজেলার বাসিন্দা।
এদিন চট্টগ্রাম থেকে নতুন করে ৩২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে ১০ জন নগরীর ও ২২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
হাম শনাক্তের জন্য এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে ১৫৫ জনের নমুনা ঢাকায় পাবলিক হেলথ ইনস্টিটিউটের (আইপিএইচ) ন্যাশনাল পোলিও অ্যান্ড মিসেলস-রুবেলা ল্যাবরেটরি-এনপিএমএলে পাঠানো হয়েছে।
আর হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন কক্সবাজার জেলার এবং অন্যজন নোয়াখালী জেলার বাসিন্দা।
জেলার সিভিল সার্জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুসারে রোববার থেকে সারাদেশের মত চট্টগ্রাম নগরী এবং ১৫টি উপজেলায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া শুরু হবে।
“সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডসমূহের সাব ব্লকগুলোতে এক ডোজ এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে জেলায় এই রোগের হটস্পট বা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টিকা প্রদানে গুরুত্ব দেওয়া হবে।”
পর্যায়ক্রমে পুরো জেলাকে টিকার আওতায় আনা হবে, বলেছেন সিভিল সার্জন।
আগের খবর:
