Published : 07 Apr 2026, 07:39 PM
চট্টগ্রাম জেলায় আরও চারজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আর একদিনে হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন।
মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য দিয়েছে।
নতুন করে যে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে তারা সবাই নগরীর বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দেশে হামে আক্রান্ত হয়ে এবং ভাইরাসজনিত এ রোগের লক্ষণ নিয়ে গত এক দিনে আরো ১১ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ২১ জন এবং হামের লক্ষণ নিয়ে ১২৮ জনের মৃত্যু হল।
বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকালে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরো ১২৩৬ জন হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে গেছেন। এই সময়ে নমুনা পরীক্ষায় ২২৪ জনের হাম শনাক্ত হয়েছে।
গত মাসের শেষ দিক থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর চট্টগ্রামে এখন পর্যন্ত ২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৪ জনই নগরীর বাসিন্দা। বাকি আটজন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন কক্সবাজার জেলার এবং অন্যজন নোয়াখালী জেলার বাসিন্দা।
চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ নতুন করে হামের উপসর্গ নিয়ে ১৬ জন নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
“এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ৮৮ জন। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।”
মঙ্গলবার ১১ জনের নমুনা হাম শনাক্তের জন্য ঢায়াকায় পাঠানো হয়।
চট্টগ্রামে নমুনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় এখন পর্যন্ত জেলা থেকে ২৬২ জনের নমুনা পাবলিক হেলথ ইনস্টিটিউটের (আইপিএইচ) ন্যাশনাল পোলিও অ্যান্ড মিসেলস-রুবেলা ল্যাবরেটরি-এনপিএমএলে পাঠানো হয়েছে।
আগের খবর: