০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

কন্টেইনারে চাপা পড়ল গাড়ি

ফৌজদার হাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটেছে এই দুর্ঘটনা।

কন্টেইনারে চাপা পড়ল গাড়ি

ফৌজদারহাটে মহাসড়কে কন্টেইনারের নিচে চাপ পড়ে এই প্রাইভেট কার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2023, 12:45 PM

Updated : 05 Aug 2023, 05:03 PM

চট্টগ্রামে একটি প্রাইভেট কার কন্টেইনারের নিচে চাপা পড়ে আহত হয়েছেন গাড়িটির যাত্রীরা।

শনিবার সকালে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আহতরা হলেন- আবু বক্কর (৪২), মুছা আহমেদ (৬০), আদিলা আক্তার (৬), আদিনা আক্তার (৩)। তাদের সবার বাড়ি ফটিকছড়ির মাইজভান্ডার এলাকায়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাইভেট কারটি সীতাকুণ্ডের দিক থেকে এসে ফৌজদারহাটে ইউটার্ন করেছিল। এসময় এটি ঢাকামুখী দ্রুতগামী কন্টেইনারবাহী একটি ট্রেইলরের সামনে পড়ে যায় এটি। এসময় ট্রেইলরেথাকা কন্টেইনারটি শিকল ছিঁড়ে প্রাইভেট কারের উপর গিয়ে পড়ে। ট্রেইলরটিও উল্টে যায়।

Image

ফায়ার সার্ভিস গিয়ে গাড়িটি উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা রাজ্জাক জানান, খবর পেয়ে তারা কন্টেইনারটি সরিয়ে আহত অবস্থায় যাত্রীদের বের করে হাসপাতালে পাঠান।

চট্টগ্রাম মেডিকেল কলেজের দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের নায়েক নূরে আলম জানান, আহত অবস্থায় আবু বক্কর ও মুছাকে হাসপাতালে আনা হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

হাইওয়ে পুলিশ বার আউলিয়া থানার এসআই উজ্জল ঘোষ জানান, দুর্ঘটনার পরপর ট্রেইলর ও প্রাইভেট কার দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।