২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম-১২: ‘আতঙ্ক’ ছড়াচ্ছেন নৌকার প্রার্থী, অভিযোগ হুইপ সামশুলের

“কিছু সন্ত্রাসী আওয়ামী লীগের প্রার্থীর হয়ে সন্ত্রাস ছড়াচ্ছে৷ আমার জনপ্রিয়তা ও জনসমর্থন দেখে এসব করছে”, বলেন স্বতন্ত্র প্রার্থী সামশুল হক।

চট্টগ্রাম-১২: ‘আতঙ্ক’ ছড়াচ্ছেন নৌকার প্রার্থী, অভিযোগ হুইপ সামশুলের

সংবাদ সম্মেলনে সামশুল হক চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 06:11 PM

Updated : 21 Dec 2023, 07:34 PM

চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী ও তার সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনি ক্যাম্প ও গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী।

চট্টগ্রাম প্রেস ক্লাবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মোতাহেরুলের অনুসারী ‘কিছু সন্ত্রাসী’ জিরি ফকিরা মসজিদ এলাকা, শান্তিরহাট ও কুসুমপুরা এলাকায় নির্বাচনি ক্যাম্প ভাঙচুর, উসকানিমূলক বক্তব্য এবং ইন্দ্রপুল বাইপাস মোড় ও হাবিলাসদ্বীপ পাঁচুরিয়ায় আমার সমর্থকদের ওপর ও গাড়িতে হামলা করেছে।

“সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে মোতাহের ও তাদের অনুসারীদের এমন ঘৃণ্য কর্মকাণ্ড এখনই বন্ধের দাবি জানাচ্ছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাই।”

অভিযোগ অস্বীকার করে মোতাহেরুল ইসলাম চৌধুরীর দাবি করেছেন, তার কাঁধে দোষ চাপাতে ‘পরিকল্পিত হামলার ঘটনা’ ঘটানো হচ্ছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম-১২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন তিনবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক।

আসনটিতে এবার নৌকার প্রার্থী হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম। আগে পরস্পরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও নির্বাচন ঘিরে এখন তারা দুই মেরুতে। দুজনেই পটিয়ায় ভোটের লড়াইয়ে নেমেছেন।

বুধবার বিকালে উপজেলার কাশিয়াইশ এলাকায় প্রচারে বের হলে সামশুল হকের গাড়ি বহরে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নৌকার প্রার্থী মোতাহেরের সমর্থকদের দায়ী করেন করেন সামশুল হক।

এর পরদিন সংবাদ সম্মেলনে এসে ফের নৌকার প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে সামশুল হক বলেন, “নৌকার প্রার্থী এলাকায় যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে তা বন্ধ না হলে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতিও কমে যাবে বলেও আশঙ্কা করছি। আর যদি ভোটার যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষ যোগ্য প্রার্থীকেই বেছে নেবে বলে আমার বিশ্বাস।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কিছু সন্ত্রাসী আওয়ামী লীগের প্রার্থীর হয়ে সন্ত্রাস ছড়াচ্ছে৷ আমার জনপ্রিয়তা ও জনসমর্থন দেখে এসব করছে৷ আমি পটিয়ার, পটিয়া আমার। মানুষের সুখে দুঃখে তারা আমাকে পেয়েছে। আমি শেষ পর্যন্ত নির্বাচন করব।

“আশা করি নির্বাচন কমিশন ও প্রশাসন এই সন্ত্রাস দমন করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দল এটা চায় না, এটা আমার বিশ্বাস।”

একসময়ের ঘনিষ্ঠ মোতাহেরুল ইসলাম কেন তার ওপর হামলা করাবেন- এমন প্রশ্নের জবাবে সামশুল বলেন, “উনি সুযোগ বুঝে কোপ মারেন। পৃথিবীর ইতিহাসে দেখেছি, নবাব সিরাজুদ্দৌলার সাথে মীরজাফর ছিল, বঙ্গবন্ধুর সাথে খন্দকার মোশতাক ছিল। আমার সাথে থেকে তিনি আমার পিঠে ছুরি মেরেছেন। একটা চক্র উনাকে পরিচালিত করছে।”

সামশুলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোতাহেরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের পরিকল্পনা উনার আগে থেকে ছিল। আগেই বিভিন্ন সংস্থা আমাকে জানিয়েছে, কিছু ঘটনা ঘটিয়ে আমার কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হবে।

“বুধবারের যে ঘটনার কথা বলা হচ্ছে, সেটি স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ঘটিয়েছে। ১ হাজার ২০০ কোটি টাকার বেড়িবাঁধ প্রকল্পে অনেক মানুষের জমি যথাযথ ক্ষতিপূরণ না দিয়ে নেওয়া হয়েছিল। তারা ক্ষুব্ধ হয়ে এটা করেছে।”

পটিয়ায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে জানিয়ে তিনি বলেন, “অন্য কোনো প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। শুধু তিনিই আমার কাঁধে দোষ চাপাতে নিজেরা ঘটিয়ে এসব বলছেন।”

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আহমদ কবির চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা দেবব্রত দাশ, বিজন চক্রবর্তী, নাসির আহমদ, আবু ছালেহ চৌধুরী, পটিয়া উপজেলার নারী ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

পুরনো খবর:

চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী সামশুল হকের গাড়ি বহরে হামলার অভিযোগ