তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ
সাজ্জাদকে ৪৮ ঘণ্টার মধ্যে সংগঠনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশে দেওয়া হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেইসবুকে পোস্ট দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে শোকজ করেছে কেন্দ্রীয় কমিটি।
সোমবার সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সাজ্জাদকে ৪৮ ঘণ্টার মধ্যে সংগঠনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল।”
রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ চার ধনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে।
নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এর প্রতিবাদ জানিয়ে সাজ্জাদ ফেইসবুকে লেখেন, “ছাত্র রাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।”
তিনি একই পোস্টে মন্তব্য ঘরে লেখেন, “যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোতেও জ্বালানি মূল্যে বাংলাদেশের তুলনায় অনেক বেশি। মার্চ থেকে সারা বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার জণগণের কথা চিন্তা করে দাম কম রাখার ফলে মার্চ টু আগস্ট পর্যন্ত ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়। আশা করি আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা আসার মাধ্যমে দেশেও দাম কমে আসবে।”
এরপর তাকে শোকজ নোটিস পাঠানো হয় সংগঠনের কেন্দ্রীয় কমিটি থেকে।
জানতে চাইলে সাজ্জাদ হোসেন হৃদয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সংগঠনের কাছে অনুগত। সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে আমি কারণ দর্শানো নোটিসের ব্যাখ্যা দেব।”
