১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুতুবদিয়ার কাছে এমভি আবদুল্লাহ, নোঙর করবে সন্ধ্যায়

২৩ নাবিক মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর সদরঘাটে মালিকপক্ষ কবীর গ্রুপের জেটিতে এসে নামবেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 04:37 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরে কুতুবদিয়ার কাছাকাছি পৌঁছে গেছে। কুতুবদিয়া চ্যানেলে জাহাজটি নোঙর ফেলবে সন্ধ্যায়। আর নাবিকদের সবাই সদরঘাটে কেএসআরএমের জেটিতে উপস্থিত হবেন আর একদিন পর । 

জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমভি আবদুল্লাহ সন্ধ্যা ৬টার দিকে কুতু্বদিয়া চ্যানেলে নোঙর করবে। তারপর সেখানে পণ্য খালাস শুরু করবে।

"মঙ্গলবার বিকেল ৪টার দিকে নাবিকরা সবাই সদরঘাটে কেএসআরএমের জেটিতে উপস্থিত হবেন। সেখানে গণমাধ্যম কর্মীরা নাবিকদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।"

জাহাজে ৫৬ হাজার মেট্রিক টন পাথর আছে। কুতুবদিয়া চ্যানেলে দুইদিন পণ্য খালাসের পর বাকি পণ্য খালাসের জন্য চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজটি নিয়ে আসার কথা রয়েছে বলে মিজানুল ইসলাম জানান। 

গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ ও ২৩ নাবিককে জিম্মি করে দস্যুরা।

উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে ৩৩ দিন পার করার পর গত ১৩ এপ্রিল রাত ৩টার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। এরপর দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি।

১৪ এপ্রিল দুপুরে এমভি আবদুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খানের দেওয়া ফেইসবুক পোস্টের একটি ছবিতে মুক্ত নাবিকদের পাশে ইউরোপীয় নেভাল ফোর্সের অপারেশন আটলান্টার কমান্ডোদের দেখা যায়। ১৫ এপ্রিল বিকালে অপারেশন আটলান্টা মিশন তাদের টুইট বার্তায় এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে এগিয়ে যাওয়ার ছবি প্রকাশ করে।

ওইদিন রাতে কবির গ্রুপ জানায়, নিরাপদ এলাকায় না পৌঁছানো পর্যন্ত ইইউএনএভিএফওআরের যু্দ্ধজাহাজ এমভি আবদুল্লাহকে পাহারা দিয়ে নিয়ে যাবে।

এমভি আবদুল্লাহ শুরুতে যায় সংযুক্ত আর আমিরাতের আল-হামরিয়া বন্দরে। সেখানে জাহাজে থাকা কয়লা খালাস করা হয়। এরপর ওই বন্দরেই পণ্য লোডের পর মিনা সাকার বন্দরে যায় আবদুল্লাহ। সেখান থেকে আরব আমিরাতের ফুজাইরা বন্দরে থেমেছিল জ্বালানি নিতে। এরপর দুবাই থেকে ৩০ এপ্রিল রওনা হয় চট্টগ্রামের উদ্দেশে। বাংলাদেশের জলসীমার মধ্যে জাহাজ প্রবেশের খবর আসে বৃহস্পতিবার। 

জিম্মি দশার দুই মাস পর দেশে ফিরছেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক, যাদের সবাই বাংলাদেশি। জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল রশিদ এর আগে বলেছেন, নাবিক দলের সবাই সুস্থ আছেন। তারা দেশে প্রিয়জনদের কাছে ফেরার জন্য উম্মুখ হয়ে আছেন তারা।

পুরনো খবর

 কুতুবদিয়া থেকে ৫০০ নটিক্যাল মাইল দূরে এমভি আবদুল্লাহ

 দেশের পথে এমভি আবদুল্লাহ

 এমভি আবদুল্লাহ ও নাবিকরা মুক্ত

 সোমালিয়া উপকূলে এমভি আবদুল্লাহনজর রাখছে 'অপারেশন আটলান্টা

 এমভি আবদুল্লাহ: 'জোরপূর্বকউদ্ধারে ইইউর প্রস্তাবে বাংলাদেশের 'না'

 জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ 'আবদুল্লাহ', ২৩ নাবিক জিম্মি

 এমভি আবদুল্লাহ: টাকা না দিলে 'একজন একজন করে মেরে ফেলার' হুমকি দিচ্ছে ...