সোনার ভরি কমে ২ লাখ ১৫ হাজার টাকা
ছয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমেছে ১৪ হাজার ২৮৮ টাকা।
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। চার দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
তাতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে। কমেছে রুপার দামও।
বুধবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দামে সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
এর আগে ১৪ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছিল বাজুস।
আর ৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছয় দফায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমেছে ১৪ হাজার ২৮৮ টাকা।
চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল, যা তখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ দাম ছিল।
এরপর আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও সোনার দাম ওঠানামা করেছে।
কত দামে বিক্রি হচ্ছে সোনা
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৮ হাজার ৪৬৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকায় বিক্রি হচ্ছে।
নতুন দর কার্যকরের আগে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
সে হিসাবে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমেছে।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারে এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন
আন্তর্জাতিক বাজারেও সোনার দামে পতন অব্যাহত রয়েছে। শক্তিশালী মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রে বন্ডের সুদের হার বৃদ্ধি এবং সুদের হার আরও বাড়তে পারে—এমন ধারণায় বুধবার বিশ্ববাজারে সোনার দাম প্রায় ২ শতাংশ কমে এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
বার্তা সংস্থা রয়টার্সের বুধবারের প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় সকাল ৬টা ২৭ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ দশমিক ৯ শতাংশ কমে ৩ হাজার ৭৭৭ ডলার ৮৩ সেন্টে দাঁড়ায়। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডলার শক্তিশালী হওয়ায় অন্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা ব্যয়বহুল হয়ে উঠেছে। পাশাপাশি বন্ডের সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে সোনা ধরে রাখার ক্ষেত্রে ব্যয় বেড়ে যায়। এসব কারণে সোনার দামে চাপ তৈরি হয়েছে।
কমেছে রুপার দামও
সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস।
নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। সে হিসাবে প্রতি ভরির দাম ৩ হাজার ৩৮৩ টাকা।
নতুন দর কার্যকরের আগে ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ছিল ৩ হাজার ৪৯৯ টাকা। সে হিসাবে ভরিতে দাম কমেছে ১১৬ টাকা।
