অপশক্তির বিরুদ্ধে মাঠে আছি: নাছির
“আন্দোলনের নামে কোনও অপঘাত হলে তা আমরা প্রতিহত করব,” বলেন তিনি।
বিএনপি-জামায়াত ধ্বংসের রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
এ যাত্রায় আওয়ামী লীগ নতুন প্রত্যয়ে দেশকে ভালবেসে এগিয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, “কোনও কারণ ছাড়া বিএনপি-জামাত পদযাত্রার নামে জ্বালাও-পোড়াও করলে আমরা বসে থাকব না। বিএনপি-জামাত ধ্বংসের রাজনীতি করছে, তারা নির্বাচন চায় না। ওই স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আমরা মাঠে আছি, মাঠে থাক এবং মাঠে থেকেই দাঁতভাঙ্গা জবাব দেব।”
শনিবার দুপুরে নগরীর ১১ নম্বর দক্ষিণ কাট্টলী এলাকায় চট্টগ্রাম ১০ আসনের উপ নির্বাচনের গণসংযোগকালে বক্তৃতা করছিলেন তিনি।
প্রচারণায় চট্টগ্রাম ১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু স্থানীয় সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, নির্বাহী সদস্য মোর্শেদ আক্তার চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. ইসমাইল, সাধারণ সম্পাদক আসলাম হোসেন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি।
