চট্টগ্রামে খালে পড়ে নিহত যুবক 'মানসিকভাবে অসুস্থ' ছিলেন
২৭ বছর বয়সী আজিজুল হাকিম ইমন নগরীর ইসলামিয়া কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অতি ভারি বৃষ্টি ও জোয়ারের মধ্যে চট্টগ্রামের আছাদগঞ্জে খালে পড়ে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে।
২৭ বছর বয়সী আজিজুল হাকিম ইমন নগরীর ইসলামিয়া কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ইমন থাকতেন হালিশহর থানার পূর্ব রামপুরা ঈদগাঁও এলাকায়, তার বাবার নাম কাজী মো. ইকবাল।
সোমবার বিকালে নগরীর কোতোয়ালি থানার আছাদগঞ্জে শুঁটকি পট্টি এলাকায় কলাবাগিচা খালে পড়ে যান ইমন। পরে পুলিশ খোঁজ নিয়ে তার নাম পরিচয় জানতে পারে।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্তী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত দুই বছর ধরে ইমন মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার দুপুরে ঘর থেকে বের হয়েছিলেন হজে যাওয়ার কথা বলে। তার সঙ্গে ব্যাগ বা কোনো কিছুই ছিল না। এর আগেও ছেলেটি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল।"
স্থানীয়দের বরাতে নগরীর ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর বলেছিলেন, ওই যুবক খালের পাড়ে প্রস্রাব করতে বসেছিলেন, পরে তিনি খালের মধ্যে পড়ে যান।
খালে পড়ে যেতে দেখে স্থানীয় কয়েকজন তরুণ লাফিয়ে নেমে তাকে তুলে আনেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই ইমন মারা যান। যদিও তখনো তার পরিচয় কেউ জানাতে পারেননি।
ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা অতনু চক্রবর্তী বলেছেন, ইমনের পরিবার এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করবেন।
আরও পড়ুন
