ফিলিস্তিনে ‘ম্যাসাকার’’ বিএনপি চুপ কেন: আ জ ম নাছির
“অথচ তারাই এই ইউরোপিয়ান ইউনিয়ন এবং পশ্চিমা প্রভুদের আশির্বাদপুষ্ট হয়ে জোর করে ক্ষমতায় যেতে চায়।”
ইসরায়েল যখন ‘পশ্চিমা বিশ্বের মদদে’ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘ম্যাসাকার’ চালাচ্ছে, বিএনপি তখন নিশ্চুপ কেন, সেই প্রশ্ন রেখেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার বিকেলে নগরীর ইপিজেড চত্বরে ‘কথিত সরকার উৎখাতের আন্দোলনের নামে বিএনপি জামাত চক্রের অরাজকতা সৃষ্টি ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায়’ অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাছির বলেন, “আজ অবাক লাগে, পবিত্র আরব ভূমিতে ফিলিস্তিনিরা জন্মগত অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছে। এবং এই লড়াইয়ের বিরুদ্ধে ইসরায়েল যখন পাল্টা আঘাত এনে ম্যাসাকার করছে তার পক্ষে ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা শক্তি আমেরিকা যুক্তরাজ্যসহ ওদের মিত্ররা সাফাই গাইছে।
“তখন আমাদের এদেশের কুলাঙ্গাররা মুখে কুলুপ এঁটেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে মার্কিন ও পশ্চিমা বিশ্ব মদদে ম্যাসাকারে বিএনপি নিশ্চুপ কেন? অথচ তারাই এই ইউরোপিয়ান ইউনিয়ন এবং পশ্চিমা প্রভুদের আশির্বাদপুষ্ট হয়ে জোর করে ক্ষমতায় যেতে চায়।”
চট্টগ্রামের সাবেক মেয়র নাছির বলেন, “বিএনপি-জামাত আরব বিশ্বে পশ্চিমা শক্তির আগ্রাসনের বিরুদ্ধে একটি কথাও বলছে না। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমাদের মহান মুক্তিযুদ্ধে সপ্তম নৌবহর পাঠিয়ে পরাজিত প্রায় হানাদার বাহিনীকে রক্ষা করতে চেয়েছিল তারা।
“আজ তারা আমাদের মানবাধিকার, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে মাথা ঘামায়। তাই বলতে ইচ্ছে হয়, বিএনপি-জামায়াত নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে চায়। “
নেতাকর্মীদের উদ্দেশ্যে নাছির বলেন, “আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকতে হবে। স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিশ্চিহ্ন করার প্রত্যয়ে একাত্তরের রনাঙ্গণের দিকে দৃষ্টি ফেরাতে হবে।”
নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী সমাবেশে বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধ এখনো চলমান। শোষিতের মুক্তির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ একটি ধাপ অতিক্রম করবে। মহান মুক্তিযুদ্ধ এখনো সম্পন্ন হয়নি বিধায় রাজাকার আলবদর শান্তি কমিটির সন্তান ও পোষ্যরা বাংলাদেশের বিরোধিতায় মাঠে নেমেছে।
“সুতরাং যারা মাঠে নেমে গরম গরম কথা বলে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনে রাখা উচিত, তাদের কবরটাও হবে বঙ্গোপসাগরে, এদেশের মাটিতে নয়।”
মাহতাব বলেন, “আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমাদের ঠিকানা রাজপথ। এই রাজপথে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রেতাত্মার অস্তিত্ব মুছে ফেলা হবে। এজন্য নেতাকর্মীরা অবশ্যই অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।”
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নির্বাহী সদস্য কামরুন হাসান বুলু, মো. ইলিয়াছ।
