অনুমোদনহীন ফেইসওয়াশ মজুদ, লাখ টাকা জরিমানা
আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের অনুমোদনহীন ফেইসওয়াশ জব্দ করা হয়েছে।
চট্টগ্রামে বিএসটিআইয়ের অনুমোদনহীন ফেইসওয়াশ মজুদ করায় একজনকে লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নগরীর রিয়াজউদ্দিন বাজার আমতলার রয়েল টাওয়ারের একটি গুদাম থেকে আনুমানিক ২৫ লাখ টাকার অনুমোদনহীন ফেইসওয়াশ জব্দ করা হয়।
অবৈধ পণ্য মজুদের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত গুদাম ব্যবস্থাপক জামিল উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হিমালয়া’ নামের এসব ফেইসওয়াশের গায়ে জামালপুর বিসিক শিল্প অঞ্চলের ঠিকানা থাকলেও উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি এলেও তিনি বৈধ কোনো কাগজ দেখাতে পারেননি।
বাংলাদেশে উৎপাদিত সকল পণ্য মোড়কজাত করার ক্ষেত্রে বিএসটিআইয়ের অনুমোদন প্রয়োজন থাকলেও জব্দ করা ফেইসওয়াশগুলোতে তা ছিল না; ভোক্তাদের প্রতারিত করার উদ্দেশ্যে ফেইসওয়াশগুলো বিদেশি পণ্য হিসেবে বাজারজাত করতে এর গায়ে উপাদান ও অন্যান্য তথ্য ইংরেজিতে লেখা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
