২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু হত্যায় আসামির মৃত্যুদণ্ড

দণ্ডিত পল্লবের মা ও বাবাও এ মামলার আসামি ছিলেন। মামলা চলাকালে মৃত্যু হওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়।

চট্টগ্রামে শিশু হত্যায় আসামির মৃত্যুদণ্ড
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2024, 09:56 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

জমি সংক্রান্ত বিরোধের জেরে ১৪ বছর আগে চট্টগ্রামের মীরসরাইয়ে পাঁচ বছরের এক শিশু খুনের ঘটনায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল আউয়াল রোববার এ মামলার রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডে দণ্ডিত কাজী নাহিদ হোসেন পল্লব (৪৪) চট্টগ্রামের মীরসরাই থানার মঘাদিয়া গ্রামের ভূঞা তালুকদার কাজী বাড়ির বাসিন্দা ফজলুল কবীরের ছেলে। 

চট্টগ্রাম জেলা আদালতের পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ফাঁসির রায় দিয়েছেন।”

এ মামলার অপর আসামি বিপ্লবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে খালাস দিয়েছেন বিচারক। 

রায় ঘোষণার সময় পল্লব আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। 

পল্লবের মা ও বাবাও এ মামলার আসামি ছিলেন। মামলা চলাকালে মৃত্যু হওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়। 

মামলার নথি থেকে জানা যায়, ওই এলাকার প্রবাসী কাজী মোশাররফ হোসেন বাবুল মিয়ার ৫ বছর বয়সী ছেলে কাজী মশিউর রহমান ওয়াসিম ২০১০ সালের ২২ নভেম্বর খুন হয়। 

বাবা বিদেশে থাকায় ওয়াসিম মায়ের সঙ্গে ফেনীতে নানা বাড়ি থাকত। মোশাররফ হোসেন ঈদ উপলক্ষে বাড়িতে আসায় ওয়াসিমও মায়ের সঙ্গে দাদা বাড়িতে ফেরে। 

ঘটনার দিন বিকালে বাড়ির সামনে খোলা জায়গায় স্থানীয় কিশোর-যুবকরা ব্যাডমিন্টন খেলছিল। ওয়াসিম বাড়ি থেকে বেরিয়ে খেলা দেখতে যায়। এসময় পল্লব খেলার কথা বলে ওয়াসিমকে সেখানে সরিয়ে নিয়ে যায়।  

বাড়ি থেকে পূর্ব দিকে পল্লবের সাথে যেতে দেখা গেলেও সন্ধ্যার পরও ওয়াসিম ঘরে না ফেরায় তার খোঁজ পড়ে। ওয়াসিমকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন পল্লবের খোঁজ করলে জানতে পারে সেও ঘরে ফেরেনি। 

পরদিন সকালে মীরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর পুলিশ ওয়াসিমদের বাড়ি থেকে দু-তিনশ গজ দূরে ধানক্ষেত থেকে একটি সিমেন্টের বস্তার ভিতর ওয়াসিমের লাশ পায়। 

ওই ধানক্ষেতের কাছেই ছনখোলা গাছের বাগান থেকে পল্লবের ব্যবহৃত একটি মোবাইল ফোন সেট, ওয়াসিমের স্যান্ডেল এবং ওয়াসিমের পরিধেয় হাফ প্যান্ট ও টি শার্ট উদ্ধার করা হয়। পরে পল্লবকে গ্রেপ্তার করে পুলিশ। 

সেদিন ওয়াসিমের চাচা কাজী একরামুল হক বাদী হয়ে মীরসরাই থানায় হত্যা মামলা করেন। 

মামলায় পল্লবের বড় ভাই কাজী ইকবাল হোসেন বিপ্লব, তাদের মা নূরজাহান বেগম ও বাবা ফজলুল কবীরকে আসামি করা হয়। 

২০১২ সালের ৭ মে পুলিশ অভিযোগপত্র জমা দিলে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি আদালতে চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। 

আসামি পল্লব আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, মোশাররফ হোসেনের পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওয়াসিমকে গলা টিপে হত্যা করেন তিনি। পরে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দিয়ে কোনো সাড়া না পেয়ে নিশ্চিত হন যে ওয়াসিম মারা গেছেন। এরপর ধান ক্ষেতে তার লাশ ফেলে দেন। 

এই মামলার বাদী, ডাক্তার, তদন্তকারী কর্মকর্তাসহ ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আদালত পল্লবকে দোষী সাব্যস্ত করে রায় দিল।