Published : 29 Sep 2024, 08:31 PM
চট্টগ্রাম জেলায় ডেঙ্গু শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে।
রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, আগের ২৪ ঘণ্টায় জেলায় মোট নতুন ৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
এর আগে ২১ সেপ্টেম্বর জেলায় একদিনে সর্বোচ্চ ৭২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল।
রোববার পর্যন্ত চলতি মাসে জেলায় মোট ৮৪১ জন রোগী শনাক্ত হয়েছে। যা এ বছরের আগের আট মাসের মোট শনাক্ত রোগীর চেয়েও ২৪৩ জন বেশি।
এ বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট রোগী শনাক্ত হয়েছে ১৪৩৯ জন। এরমধ্যে জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত আট মাসে মোট রোগী ছিল ৫৯৮ জন।
চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছনে ১০ জন। আর জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু প্রাণ নিয়েছে ৫ জনের।
জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, রোববার জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১৮৩ জন। যা একদিনে চিকিৎসাধীন রোগীর সংখ্যার হিসেবে এ বছরের সর্বোচ্চ।
এরমধ্যে সবচেয়ে বেশি ৯৪ জন ভর্তি আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে।
এখন পর্যন্ত এ বছর যত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে তারমধ্যে ৮৫৪ জন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। আর উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে লোহাগাড়ায় ১৬৪ জন।
এ বছর জেলায় ডেঙ্গুতে মারা যাওয়া ১৫ জনের মধ্যে ৯ জনই নারী। বাকিদের মধ্যে চারজন পুরুষ ও দুজন শিশু।
সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জেলায় রোগীর সংখ্যা লাফিয়ে বাড়তে শুরু করে।
ডেঙ্গু রোগী বাড়তে শুরু করার পর ১৯ সেপ্টেম্বর থেকে নগরীতে মশা জরিপের কাজ শুরু করে স্বাস্থ্য বিভাগ। এই জরিপ চলতি মাসের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। জরিপ শেষে এইডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে সুপারিশসহ প্রতিবেদন দেবে স্বাস্থ্য বিভাগ।
আরও পড়ুন
ডেঙ্গু: শনাক্ত বাড়ার পর জরিপ শুরু চট্টগ্রামে