১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ডেঙ্গু: সেপ্টেম্বরেই ৯ মাসের অর্ধেক রোগী

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুধু সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চলতি বছরের ৯ মাসের মোট মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

চট্টগ্রামে ডেঙ্গু: সেপ্টেম্বরেই ৯ মাসের অর্ধেক রোগী
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 10:19 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা বেড়ে চলার মধ্যে সেপ্টেম্বর হয়ে উঠেছে প্রাদুর্ভাব বিস্তারের মাস; যেখানে শুধু চলতি মাসের ২১ দিনে যত রোগী শনাক্ত হয়েছে, তা বছরের ৯ মাসের মোট রোগীর প্রায় অর্ধেক।

রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া প্রতিবেদন অনুসারে, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলার শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৭২ জন৷ 

এর মধ্যে নগরীর বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন বাকি ২৫ জন। 

রোববার জেলার হাসপাতালগুলোতে মোট ১৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে সর্বোচ্চ ৭২ জন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বেসরকারি হাসপাতলগুলোতে ভর্তি আছেন ৩৬ জন। 

এর আগে শনিবারের প্রতিবেদনে আগের ২৪ ঘণ্টায় নতুন ৪৫ জন এবং শুক্রবারের প্রতিবেদনে আগের ২৪ ঘণ্টায় ৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্তের তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জন কার্যালয়। 

রোববার পর্যন্ত চলতি মাসে চট্টগ্রাম জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে মোট ৫৫৩ জন, যা গত অগাস্ট মাসের শনাক্ত রোগী ২০২ জনের তুলনায় আড়াই গুণেরও বেশি। 

চলতি বছর চট্টগ্রামে জেলায় জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত শনাক্ত ডেঙ্গু রোগীর মোট সংখ্যা ১১৫১ জন। সে হিসেবে শুধু সেপ্টেম্বরের ২১ দিনেই পুরো বছরের অর্ধেকের কাছাকাছি রোগী শনাক্ত হল।  

আর শুধু সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বছরের আগের ৮ মাসের মোট মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। 

শনিবার চমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান নোয়াখালী জেলার সেনবাগের বাসিন্দা আবুল হোসাইন (৩৭)। ১০ সেপ্টেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। 

আবুল হোসাইনসহ চলতি মাসে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। তবে তাদের মধ্যে কয়েকজন কক্সবাজার, খাগড়াছড়িসহ অন্য জেলার বাসিন্দা। 

এখন পর্যন্ত চলতি বছর জেলায় মোট ১৩ জন ডেঙ্গুতে মারা গেছেন। 

২০২৩ সালের সেপ্টেম্বরে চট্টগ্রাম জেলায় ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৩৮৯২ জন এবং মৃত্যু হয়েছিল ২১ জনের।