২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে তাকিয়েই নির্বাচন শেষে আর ‘সময় নষ্ট করতে’ চাননি সাকিব

এজন্যই জাতীয় নির্বাচনে জয়ের পরদিনই অনুশীলনে নেমে গেছেন এবার রংপুর রাইডার্সে যোগ দেওয়া অলরাউন্ডার।

বিপিএলে তাকিয়েই নির্বাচন শেষে আর ‘সময় নষ্ট করতে’ চাননি সাকিব

ক্রিকেটার সাকিব এখন নামের সঙ্গে সংসদ সদস্য পরিচয় যোগ করে মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2024, 05:41 PM

Updated : 09 Jan 2024, 07:17 PM

'যা ইচ্ছা ডাকেন, সমস্যা নেই'- মুখে হাসি রেখে বললেন সাকিব আল হাসান। তার কাছে প্রশ্ন ছিল, সংসদ সদস্য নাকি অধিনায়ক, কোন পরিচয়ে এখন ডাকতে হবে? সদ্য জাতীয় নির্বাচনে জিতে সংসদ সদস্য হওয়া তারকা ক্রিকেটার জানিয়ে দিলেন, কোনোটিতেই সমস্যা নেই তার। তবে দুই দায়িত্ব সামলানোর চ্যালেঞ্জ যেন ঠিকই টের পেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার। তাই তো ভোটের ময়দানের ব্যস্ততা শেষ হতেই তিনি ফিরলেন ক্রিকেট মাঠের অনুশীলনে। 

জাতীয় নির্বাচনে রোববার বিপুল ব্যবধানে জিতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরদিনই মিরপুরের হাজির হন সাকিব। বিপিএলের জন্য প্রস্তুতি শুরু করে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান হালকা ব্যাটিং ও ক্যাচিং অনুশীলনে। মঙ্গলবারও তাকে দেখা যায় দেশের ‘হোম অব ক্রিকেট’-এ। তবে শের-ই বাংলায় এ দিন অনুশীলন করেননি তিনি। 

মিরপুরে কিছু সময় কাটিয়ে দুপুর গড়াতে সাকিব চলে যান বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। সেখানে যোগ দেন বিপিএল দল রংপুর রাইডার্সের অনুশীলনে। সেখানে শুরুতে হালকা দৌড়ানোর পর মিনিট বিশেক স্পিন বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করেন জাতীয় দলের অধিনায়ক।

গত বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া আঙুলের চোট থেকে পুরোপুরি মুক্তি পাননি সাকিব। বাম হাতের তর্জনীতে এখনও ব্যান্ডেজ পেঁচানো। তাই বোলিংয়ে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে তার। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, চোটের অবস্থার উগ্রগতি সন্তোষজনক।

চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও অপেক্ষা করার মতো সময়টাও ঠিক নেই সাকিবের সামনে। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের দশম আসর। নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় বিশ্বকাপের পর থেকেই ক্রিকেট থেকে দূরে সাকিব। 

Image

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনে কোচ সোহেল ইসলামের (ডানে) সঙ্গে সাকিব।

দ্রুততম সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করার তাগিদ থেকেই রাজনীতির ময়দানে জেতার পরদিন তিনি চলে আসেন ক্রিকেট মাঠে।  

“বিপিএল শুরু হচ্ছে। প্রস্তুতি লাগবে। প্রায় আড়াই মাসের মতো হয়েছে আমি মাঠের বাইরে। এর মধ্যে কোনো ফিটনেসের কাজ করতে পারিনি, স্কিলের কাজ করতে পারিনি। স্বাভাবিকভাবেই তৈরি হওয়ার জন্য সময় লাগবে। এ কারণেই আসলে সময় নষ্ট করতে চাইনি।”

টুর্নামেন্টের গত আসরে ফরচুন বরিশালের অধিনায়কত্ব করেছেন সাকিব। এবার দল বদলে সরাসরি চুক্তিতে নাম লিখিয়েছেন রংপুরে। তবে তিনিই দলের নেতৃত্ব দেবেন কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের কাছেও নেই এই প্রশ্নের উত্তর। 


“এটা (অধিনায়কত্ব) তো রংপুর রাইডার্স সিদ্ধান্ত দেবে। তাদেরকে জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যাবে।”

“আমার মতামতের ওপর নির্ভর করে না। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবসময় মালিকদের ওপর নির্ভর করে তারা কাকে চায়, কীভাবে চায় এবং তারা সেভাবেই সব কিছু পরিকল্পনা করে।” 

বিপিএলের মতো অনিশ্চয়তায় আছে তার জাতীয় দলের অধিনায়কত্বও। আনুষ্ঠানিকভাবে এখনও তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক সাকিব। গত বছর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই তিনি বলেছেন, টুর্নামেন্ট শেষে আর ওয়ানডেতে নেতৃত্ব দিতে চান না। বোর্ডের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, বোর্ড সভায় আলোচনার পর আসবে সিদ্ধান্ত।

তবে টি-টোয়েন্টির অধিনায়কত্ব নিয়ে ভিন্ন কোনো ভাবনা শোনা যায়নি সাকিবের কাছ থেকে। শেষ পর্যন্ত তিনি নেতৃত্বে থাকুন বা না থাকুন, এগিয়ে চলার ধারাবাহিকতায় টি-টোয়েন্টি দল আগামী জুনে বিশ্বকাপেও ভালো করবে বলে বিশ্বাস তার।

“প্রতিবারই তো বেশি প্রত্যাশা থাকে। এবারও তাই থাকবে। টি-টোয়েন্টি সংস্করণে শেষ এক বছর আমরা খুব ভালো খেলেছি। দলটা এখন ভারসাম্যপূর্ণ আছে, ছন্দেও আছে। সবাই ভালো খেলছে। নিউ জিল্যান্ডেও ভালো খেলেছে। প্রত্যাশা তো বেশি থাকবেই। খেলা হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। যেখানে হয়তো আমাদের ক্রিকেটটা বেশি মানানসই হবে। আমাদের সুযোগ আছে।”

টি-টোয়েন্টিতে ধীরে ধীরে উন্নতি করছে বাংলাদেশ। গত বছর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি তারা সিরিজ জিতেছে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। বছরের শেষ দিকে নিউ জিল্যান্ডের মাঠে পেয়েছে প্রথম জয়, ড্র করেছে সিরিজ। সবমিলিয়ে গত বছর ১৪ টি-টোয়েন্টিতে তারা জিতেছে ১০টি, হেরেছে তিনটি।