বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে থাকছেন উইলিয়ামস-সাউদিরা
ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হলেও টি-টোয়েন্টিতে ফিরছেন নিউ জিল্যান্ডের নিয়মিত ক্রিকেটারদের কয়েকজন।
ওয়ানডে বিশ্বকাপ মাত্রই শেষ হলো। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাই বিশ্রামে আছেন নিউ জিল্যান্ডের নিয়মিত দলের বেশ কজন ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ তো সামনেই। এখানে তাই অভিজ্ঞদের কয়েকজনকে ফিরিয়েছে তারা। অধিনায়ক কেন উইলিয়ামসনের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজে মাঠ নামবেন টিম সাউদি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপসরা।
ডানেডিনে রোববার বাংলাদেশ-নিউ জিল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ চলার সময় ঘোষণা করা হয় কিউইদের টি-টোয়েন্টি সিরিজের দল। দলে নতুন মুখ নেই কোনো। বরং আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকিয়ে পরীক্ষিতদের প্রস্তুতিতেই জোর দিয়েছে তারা।
সবচেয়ে উল্লেখযোগ্য অবশ্যই উইলিয়ামসনের ফেরা। দীর্ঘ চোট কাটিয়ে গত বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরার পর এবার টি-টোয়েন্টি সংস্করণেও ফিরলেন তিনি। যেটির মানে, সব ঠিকঠাক থাকলে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন তিনিই। ১৩ মাসের বেশি সময় পর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলবেন ৩৩ বছর বয়সী এই স্টাইলিশ ব্যাটসম্যান।
নানা সময়ে উইলিয়ামসনের চোট-বিশ্রামে ২৯ টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া টিম সাউদিকেও রাখা হয়েছে এই সিরিজে। অভিজ্ঞ এই পেসারের সঙ্গে চলতি ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকা মিচেল, ফিলিপস, মিচেল স্যান্টনার আছেন টি-টোয়েন্টি দলে।
ডেভন কনওয়ে অবশ্য ওয়ানডের পর বিশ্রাম পেয়েছেন টি-টোয়েন্টি থেকেও। এখানে রাখা হয়নি রাচিন রবীন্দ্রকেও।
চোটের কারণে বিবেচনা করা হয়নি তিন পেসার লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও হেনরি শিপলিকে। ফার্গুসনের গতির ঘাটতি পূরণে ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও সুযোগ পেয়েছেন অ্যাডাম মিল্ন।
চোটের কারণে প্রায় ৬ মাস ধরে বাইরে থাকা মাইকেল ব্রেসওয়েল নেই এই সিরিজেও। নিউ জিল্যান্ডের কোচ ও নির্বাচক কমিটির সদস্য গ্যারি স্টেডি জানিয়েছেন, নতুন বছরের শুরু থেকেই আগ্রাসী এই অলরাউন্ডারকে পাওয়ার আশা করছেন তারা।
কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা ট্রেন্ট বোল্ট ওয়ানডের মতো খেলবেন না টি-টোয়েন্টি সিরিজেও।
কাইল জেমিসনের কাভার হিসেবে ওয়ানডে দলে যুক্ত হওয়া পেসার বেন সিয়ার্স জায়গা পেয়েছেন টি-টোয়েন্টির মূল স্কোয়াডেই। এখনও পর্যন্ত ৬ টি-টোয়েন্টির সবকটি তিনি খেলেছেন দেশের বাইরে। এবার দেশের মাঠে প্রথমবার খেলার হাতছানি তার সামনে।
ওয়ানডে সিরিজ শেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ২৭ ডিসেম্বর নেপিয়ারে। পরের দুই ম্যাচ মাউন্ট মঙ্গানুইয়ে ২৯ ও ৩১ ডিসেম্বর।
নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিল্ন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি, টিম সাউদি।
