১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডের ২ দল

টেস্টের প্রস্তুতি শুরু করতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দুটি আলাদা দল সাজিয়েছে কিউইরা।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডের ২ দল

নিউ জিল্যান্ড দল। ছবি: ব্ল্যাকক্যাপস ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 05:43 PM

Updated : 11 Oct 2026, 05:43 PM

ওয়ানডে সিরিজ শেষের তিন দিন পরই শুরু টেস্টের লড়াই। একটু আগে থেকে টেস্ট দলের ক্রিকেটারদের প্রস্তুতি নেওয়ার সুযোগ দিতে, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আলাদা দুটি দল সাজিয়েছে নিউ জিল্যান্ড।

আগামী ৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম তিন ম্যাচ ও শেষ দুই ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা করেছে নিউ নিজল্যান্ড। দুই দলের নেতৃত্বেই থাকবেন মিচেল স্যান্টনার।

প্রথম তিন ওয়ানডের পর ওই দলের বেশ কয়েকজন ক্রিকেটার ওয়েলিংটনে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবেন। আর তাদের বদলি হিসেবে শেষ দুই ম্যাচের দলে যোগ দেবেন নতুন সাত ক্রিকেটার।

লম্বা সময় পর ওয়ানডে দলে ফিরেছেন ফিন অ্যালেন, লকি ফার্গুসন ও টিম সাইফার্ট। অ্যালেন ও ফার্গুসন সবশেষ ২০২৩ সালে এই সংস্করণে খেলেছেন। সাইফার্ট সবশেষ ওয়ানডে খেলেছেন ১৮ মাস আগে, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে।

গত জানুয়ারিতে ভারতের মাটিতে প্রথমবারের মতো ২-১ ব্যবধানে সিরিজ জেতে নিউ জিল্যান্ড। ওই ঐতিহাসিক সিরিজ জয়ী দলে থাকা বেশিরভাগ ক্রিকেটারই আছেন এবারের সিরিজে।

কাঁধের চোটে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাওয়া রাচিন রাভিন্দ্রা প্রথম তিন ওয়ানডের দলে আছেন। চোটের কারণে জ্যাক ফোকস, উইল ও’রোক ও বেন সিয়ার্সকে বিবেচনা করা হয়নি।

ওয়ানডে সিরিজের পুরোটা সময় দলের সঙ্গে থাকবেন প্রধান কোচ রব ওয়াল্টার। আর তৃতীয় ওয়ানডের পর টেস্টের প্রস্তুতি শুরু করা ক্রিকেটারদের সঙ্গে থাকবেন বোলিং কোচ জ্যাকব ওরাম ও বিদায়ের অপেক্ষায় থাকা ব্যাটিং কোচ লুক রনকি। তৃতীয় ওয়ানডের পর দলের সঙ্গে যোগ দেবেন নতুন ব্যাটিং কোচ বিজে ওয়াটলিং।

প্রথম তিন ওয়ানডের পর ছেড়ে দেওয়া হবে ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, ন্যাথান স্মিথ ও ব্লেয়ার টিকনারকে।

তাদের জায়গায় শেষ দুই ওয়ানডের জন্য ডাক পেয়েছেন অ্যালেন, ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাট ফিশার, ফার্গুসন, মিচ হে, নিক কেলি ও টিম সাইফার্ট।

আগামী ১৫ নভেম্বর হবে শেষ ওয়ানডে। আর ১৯ নভেম্বর থেকে ওয়েলিংটনে শুরু ভারত ও নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু ২৭ নভেম্বর।

প্রথম তিন ওয়ানডের নিউ জিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, ন্যাথান স্মিথ, উইল ইয়াং ও ব্লেয়ার টিকনার।

শেষ দুই ওয়ানডের নিউ জিল্যান্ড দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, লকি ফার্গুসন, মিচ হে, নিক কেলি, টিম সাইফার্ট, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।