পাকিস্তানকে বড় লক্ষ্য দেওয়ার পথে ইংল্যান্ড
মুলতান টেস্টে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড এগিয়ে ২৮১ রানে।
অলিভার রবিনসনের লেংথ বলে সোজা ব্যাট চালালেন বাবর আজম। সুইং করে ভেতরে ঢোকা বলে পুরোপুরি পরাস্ত হলেন তিনি। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল ছোবল দিল স্টাম্পে। অধিনায়কের বিদায়ের পর যেন পথ হারিয়ে ফেলল পাকিস্তান। ব্যাটিং ধসে গুটিয়ে গেল স্রেফ এক সেশনে। পরে ব্যাটিংয়ে নেমে বেন ডাকেটের পর হ্যারি ব্রুকের ফিফটিতে প্রতিপক্ষকে বড় লক্ষ্য দেওয়ার পথে এগোচ্ছে ইংল্যান্ড।
মুলতান টেস্টের দ্বিতীয় দিন পাকিস্তানকে ২০২ রানে থামিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে ইংল্যান্ড। ৫ উইকেটে ২০২ রান নিয়ে শনিবার দিন শেষ করেছে তারা। প্রথম ইনিংসের ৭৯ রানের লিড মিলিয়ে সফরকারীরা এগিয়ে ২৮১ রানে।
প্রথম ইনিংসের পর আবারও পঞ্চাশ করলেন ডাকেট। ৬ চারে খেললেন ৭৯ রানের ইনিংস। ১ ছক্কা ও ৮ চারে ব্রুক অপরাজিত ৭৪ রান নিয়ে।
২ উইকেটে ১০৭ রান নিয়ে খেলতে নামা পাকিস্তান সকালের সেশনেই অলআউট হয়ে যায়। ৬০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলে তারা।
আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দিনের শুরুতেই ফিফটি পূর্ণ করেন ৩২ রান নিয়ে খেলতে নামা সৌদ শাকিল। বাবরের সঙ্গে তার জমে যাওয়া জুটি ম্যাচে প্রথম ওভার করতে এসেই ভেঙে দেন রবিনসন। দিনের ষষ্ঠ ওভারে ১ ছক্কা ও ১০ চারে ৭৫ রান করা বাবর হন বোল্ড। ভাঙে ৯১ রানের জুটি।
মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন শাকিল। বেশ কয়েকটি ওভার কাটিয়েও দেন তারা। ক্যারিয়ারের শততম টেস্ট উইকেট নিয়ে জ্যাক লিচ ভাঙেন তাদের প্রতিরোধ। বাজে শট খেলে মিড-অনে ক্যাচ দিয়ে ফেরেন ১০ চারে ৬৩ রান করা শাকিল।
এরপর ৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। অনেকটা সময় উইকেটে কাটানো মোহাম্মদ রিজওয়ানের স্টাম্প এলোমেলো করে দেন লিচ। বাঁহাতি এই স্পিনার পরে ফেরান মোহাম্মদ নাওয়াজকেও। জো রুট এক ওভারে ধরেন আঘা সালমান ও মোহাম্মদ আলির শিকার।
মার্ক উড থামান জাহিদ মাহমুদকে। পাকিস্তানের রান দুইশ পার হয় ফাহিম আশরাফের ৪ চারে ২২ রানের ইনিংসে। তাকে ফিরিয়ে প্রতিপক্ষের ইনিংসে গুটিয়ে দেন উড।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন লিচ। দুটি করে প্রাপ্তি উড ও রুটের। জেমস অ্যান্ডারসন ও রবিনসন নেন একটি করে উইকেট।
ইংল্যান্ডের শুরুটা হয় হতাশাজনক। জ্যাক ক্রলিকে সরাসরি থ্রোয়ে রান আউট করে দেন আববার আহমেদ। এই স্পিনার পরে বিদায় করেন উইল জ্যাকসকে।
২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া ইংল্যান্ডকে বেশিক্ষণ টানতে পারেননি জো রুট। আবরারের বলে শর্ট লেগে তার দুর্দান্ত ক্যাচ নেন আবদুল্লাহ শফিক। ভাঙে ডাকেটের সঙ্গে তার ৫৪ রানের জুটি।
ব্রুককে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ জুটি গড়েন ডাকেট। ৬৮ বলে ফিফটি করা এই ব্যাটসম্যানও লেগ স্পিনার আবরারের শিকার। ভাঙে ৬৮ রানের জুটি।
অলি পোপও পারেননি টিকতে, কাটা পড়েন রান আউটে। ৭৩ বলে পঞ্চাশ করে ব্রুক আগলে রেখেছেন এক প্রান্ত। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক বেন স্টোকস। তিনি খেলছেন ১৬ রানে। দুইজনের অবিচ্ছিন্ন জুটি ৪৭ রানের।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ২৮১
পাকিস্তান ১ম ইনিংস: ৬২.৫ ওভারে ২০২ (আগের দিন ১০৭/২) (বাবর ৭৫, শাকিল ৬৩, রিজওয়ান ১০, সালমান ৪, নাওয়াজ ১, ফাহিম ২২, আলি ০, জাহিদ ০, আবরার ৭*; অ্যান্ডারসন ৫-০-১৬-১, লিচ ২৭-৭-৯৮-৪, উড ১১.৫-১-৪০-২, রুট ১০-৩-২৩-২, জ্যাকস ৪-০-১৮-০, রবিনসন ৫-৩-২-১)
ইংল্যান্ড ২য় ইনিংস: ৪৯ ওভারে ২০২/৫ (ক্রলি ৩, ডাকেট ৭৯, জ্যাকস ৪, রুট ২১, ব্রুক ৭৪*, পোপ ৪, স্টোকস ১৬*; আলি ৬-০-২৭-০, ফাহিম ৫-২-১২-০, আবরার ২১-২-৮১-৩, নাওয়াজ ৭-০-২৯-০, জাহিদ ৯-০-৪৮-০, সালমান ১-০-৫-০)
