বিশ্বকাপে কোহলির প্রথম শূন্য, রোহিতের শতক হাতছাড়া
ভারতকে ২২৯ রানে আটকে রাখল ইংল্যান্ড।
একের পর এক পরাজয়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ালেন ইংল্যান্ডের বোলাররা। রানের খাতা খুলতে পারলেন না ভিরাট কোহলি, আশা জাগিয়েও সেঞ্চুরি ছুঁতে পারলেন না রোহিত শার্মা। টানা পাঁচ জয়ের পর এবার বড় সংগ্রহ গড়তে পারল না ভারত।
লক্ষ্ণৌতে রোববার আগে ব্যাট করে ৯ উইকেটে ২২৯ রান করেছে ভারত। সর্বোচ্চ ৮৭ রান করেছেন অধিনায়ক রোহিত। এক রানের জন্য পঞ্চাশ ছুঁতে পারেননি সুরিয়াকুমার ইয়াদাভ।
প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে রান তাড়া করে জেতা ভারতকে এদিন আগে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। নতুন বলে স্বাগতিকদের আটকে রাখার কাজটি করেন ক্রিস ওকস। পরে ডেভিড উইলি, আদিল রাশিদরাও করেন নিয়ন্ত্রিত বোলিং।
১০ ওভারে ২ মেডেনসহ ৪৫ রানে ৩ উইকেট নেন উইলি। ৯ ওভারে ৩৩ রান খরচায় ওকসের শিকার ২ উইকেট। মাঝের ওভারে দারুণ বোলিংয়ে ১০ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন রাশিদ।
পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে স্রেফ ৩৫ রান করতে পারে ভারত। চতুর্থ ওভারে শুবমান গিলকে বোল্ড করেন ওকস। দুই ওভার পর উইলির বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দেন কোহলি।
আগের পাঁচ ম্যাচে এক সেঞ্চুরি ও তিন ফিফটি করা ভারতের সাবেক অধিনায়ক এদিন ৯ বল খেলেও কোনো রান করতে পারেনি। বিশ্বকাপে চার আসরে ৩২ ইনিংসে এবারই প্রথম শূন্য রানে ফিরলেন কোহলি।
শ্রেয়াস আইয়ারও হতাশ করলে বিপদে পড়ে যায় ভারত। চতুর্থ উইকেটে চাপ সামাল দিয়ে ৯১ রানের জুটি গড়েন রোহিত ও লোকেশ রাহুল। উইলির বলে বড় শটের চেষ্টায় ক্যাচ আউট হন ৩৯ রান করা রাহুল।
অন্য প্রান্তে দেখেশুনে এগোতে থাকা রোহিতকে থামান রাশিদ। গুগলিতে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন ভারত অধিনায়ক। চলতি আসরে তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ১০১ বলের ইনিংসে ১০টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।
এরপর দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পড়ে সুরিয়াকুমারের কাঁধে। দলকে দুইশ পার করানোর পর তিনিও ধরেন ড্রেসিং রুমের পথ। ৪ চার ও ১ ছক্কায় সাজান ৪৭ বলে ৪৯ রানের ইনিংস। শেষ দিকে জাসপ্রিত বুমরাহ ১৬ রানের সৌজন্যে কিছুটা বাড়ে ভারতের সংগ্রহ।
