২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবচেয়ে বাজে বিশ্বকাপ এবারই’, মেনে নিলেন সাকিব

মিরপুরের পর ইডেন গার্ডেন্সেও ‘দুয়ো’ দেওয়া হলো সাকিব আল হাসানকে, বাংলাদেশ অধিনায়ক বললেন, দর্শকদের সেই অধিকার আছে।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 12:23 AM

Updated : 29 Oct 2023, 12:33 AM

স্বপ্ন ছিল সেমি-ফাইনালের। বাস্তবতার কঠিন ধাক্কায় তা মুখ থুবড়ে পড়েছে। এখন বরং প্রশ্ন, গত তিন বিশ্বকাপের পারফরম্যান্সকে স্পর্শ করা যাবে তো? নেদারল্যান্ডসের কাছে বিধ্বস্ত হওয়ার পর তো মান বাঁচানোই দায়। অনেক বড় কিছু করার বার্তা ছিল যার কণ্ঠে, সেই সাকিব আল হাসান স্বয়ং মেনে নিচ্ছেন, এবারের মতো বাজে বিশ্বকাপ আর কাটেনি বাংলাদেশের।

প্রশ্নটি উঠেছিল আসলে সাকিবের একটি কথার সূত্র ধরেই। বিশ্বকাপের আগে আলোচিত এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, বিশ্বকাপে বাংলাদেশ কখনোই আহামরি কিছু করেনি।

২০০৭ বিশ্বকাপে ভারতকে হারিয়ে সুপার এইটে খেলে বাংলাদেশ। সেখানে একটি ম্যাচে হারিয়ে দেয় সেই সময়ের র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দক্ষিণ আফ্রিকাকে। ২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রত্যাশিত জয়ের পাশাপাশি হারিয়ে দেয় ইংল্যান্ডকে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে প্রথমবারের মতো পা রাখে কোয়ার্টার-ফাইনালে। ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরুর পর আর হারাতে পারে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে।

সব মিলিয়ে গত চার বিশ্বকাপের কোনোটিকে সফল, কোনোটিকে ব্যর্থ বলা হলেও প্রতিবার তিনটি করে ম্যাচই জিতেছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপের আগে সাক্ষাৎকারে সেটিই বলেছিলেন সাকিব।

এবার তার নেতৃত্বে বিশ্বকাপে যা অবস্থা, তাতে তিনটি জয় পাওয়াই এখন মনে হচ্ছে প্রায় অসম্ভব। নেদারল্যান্ডসের কাছে বাজেভাবে হারের পর সংবাদ সম্মেলনে তাই সাকিবের দিকে সরাসরিই প্রশ্ন ছুটে গেল, এখনও পর্যন্ত পারফরম্যান্সে এটিই স্মরণকালে বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ কি না। বাংলাদেশ অধিনায়ক তা মেনে নিলেন অকপটেই।

“হ্যাঁ, সেটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন এবং আমি দ্বিমত করব না এটায়।”

বিশ্বকাপে এবার বাংলাদেশের প্রস্তুতি যথেষ্ট ছিল না বলেও দাবি করলেন সাকিব। এটিকে যদিও অজুহাত হিসেবে দাঁড় করালেন না তিনি।

“আমরা অনেক আন্ডার-প্রিপেয়ার্ড ছিলাম। তবে এখন এই অজুহাতগুলো দিয়ে আসলে খুব বেশি লাভ হবে না। তবে আমরা আন্ডার-প্রিপেয়ার্ড ছিলাম।”

বিশ্বকাপের আগে নানা বিতর্ক, নাটকীয়ভাবে তামিম ইকবালের বাদ পড়া, টি-স্পোর্টস চ্যানেলে সাক্ষাৎকারে তামিমকে নিয়ে সাকিবের বিতর্কিত সব মন্তব্য, এসব প্রসঙ্গও এলো। দীর্ঘদিন ধরে যিনি দলের অধিনায়ক ছিলেন, ক্রিকেটারদের অনেকেই তার ঘনিষ্ঠ। সাকিবের বিস্ফোরক সব মন্তব্য দলে প্রভাব ফেলেছে কি না, সেই প্রশ্ন তাকে করা হলো। এবারও তিনি মেনে নিলেন তা।

‘(প্রভাব) ফেলতেই পারে! অস্বভাবিক কিছু না। আসলে ইন্ডিভিজুয়াল কারও মনের ভিতরে আসলে কী আছে, তা বলা মুশকিল। তবে আপনি যা বলছেন, তা অস্বীকার করছি না। এটা ফেলতেই পারে।”

ওয়ানডেতে বাংলাদেশ অনেক বছর ধরেই বেশ গোছানো দল ছিল। বিশ্বের শীর্ষ শক্তিগুলোর মধ্যে উঠতে না পারলেও একটা ধারাবাহিকতা ছিল, সমীহ জাগানিয়া শক্তি ছিল। সেই দল কেন কেমন এভাবে ছন্নছাড়া হয়ে উঠল, সেই উত্তর অবশ্য জানেন না বলেই দাবি করলেন সাকিব।

“এই কেনর উত্তর দিতে পারলে আমরা হয়তো আরও ভালো করতাম। এই কেনর উত্তর আমার কাছে এখন নেই আসলে।”

বিশ্ব আসরে ভালো করার পথটাও সাকিবের ঠিক জানা নেই। যদিও অনেক পরিবর্তনের প্রয়োজনীয়তা তিনি দেখেন। তবে সেসব নিয়ে এখনই মুখ খুলতে চান না।

 “এটা তো বলা মুশকিল। আপনি ভুল মানুষকে হয়তো প্রশ্ন করেছেন। আমার জায়গা থেকে যদি বলি, অনেক কিছু পরিবর্তন করতে হবে। তবে সেসব বলার সময় এখন নয়।”