বাংলাদেশ ম্যাচ দিয়ে ফিরতে পারেন উইলিয়ামসন
ইংল্যান্ডের পর নেদারল্যান্ডসের বিপক্ষেও নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাচ্ছে না নিউ জিল্যান্ড।
ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো কেন উইলিয়ামসনের। নেদারল্যান্ডসের বিপক্ষেও খেলা হচ্ছে না নিউ জিল্যান্ডের অধিনায়কের। বাংলাদেশের বিপক্ষে তাকে পাওয়ার আশা কিউইদের।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে যাত্রা শুরু করেছে নিউ জিল্যান্ড। হায়দরাবাদে সোমবার ডাচদের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচ। ওই ম্যাচে নিয়মিত অধিনায়ককে পাওয়া যাবে না, নিশ্চিত করেছেন হেড কোচ গ্যারি স্টিড।
গত বছর পাওয়া লিগামেন্টে চোট থেকে সেরে উঠেছেন উইলিয়ামসন কিন্তু এখনও ফিরে পাননি শতভাগ ফিটনেস। তাই ইংলিশদের বিপক্ষে খেলেননি ৩৩ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান। নেদারল্যান্ডসের বিপক্ষেও খেলা হচ্ছে না তার।
নিজের অবস্থা বোঝার জন্য প্রস্তুতি পর্বে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দুটিতে ব্যাটিং করেন তিনি। তবে এখনই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত নন কিউই অধিনায়ক।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগের দিন স্টিড জানালেন, শুক্রবার বাংলাদেশ ম্যাচ দিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে উইলিয়ামসনের।
“কেন খুব ভালো উন্নতি করছে। আমার মতে, ফিল্ডিংয়ের ক্ষেত্রে এখনও তার আরেকটু উন্নতি প্রয়োজন। তার নিজের শরীরের ওপর আরও আস্থা ফিরে পেতে হবে। তবে সে সত্যিই ভালো উন্নতি করছে। আমরা আত্মবিশ্বাসী, সে তৃতীয় ম্যাচে আমাদের হয়ে খেলবে।”
“আজ আরেকটি অনুশীলন সেশন রয়েছে। অনুশীলন শেষ করে আমরা (নেদারল্যান্ডস ম্যাচে) একাদশ ঠিক করব। তবে এই মুহূর্তে আমরা কেনের ব্যাপারে ভাবছি যে, সে তৃতীয় ম্যাচ থেকে টুর্নামেন্ট শুরু করবে।”
ইংল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে জয়ের ম্যাচটি লকি ফার্গুসন, টিম সাউদিও চোটের কারণে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচের আগে দুজনই মাঠে ফেরার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন হেড কোচ।
